অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫-এর মূল্যায়ন

Translate this post

বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা। এই ধরনের আয়োজনের চিন্তা ২০২৩ সালেই করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে। অন্যদেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে পরিচিত হওয়া ও নিজের সংস্কৃতিকে উপস্থাপনের জন্য এটি একটি অসাধারণ উদ্যোগ।

২০২৫-এর নভেম্বর মাসের সম্পাদনা মেলা হয়েছে তিন দেশের উইকিমিডিয়ানদের মধ্যে। এই আয়োজনে ভারতের আসাম, নেপাল ও বাংলাদেশের উইকিমিডিয়ানগণ অংশগ্রহণ করেছেন। এবারের বিষয়টি ছিলো দেশের ভাষা, লোক সংস্কৃতি, খাবার। নেপালি উইকিমিডিয়ানদের সাথে এই বিষয়ে আলোচনা হয় কেনিয়ার নাইরোবিতে; উইকিম্যানিয়া ২০২৫-এর আয়োজন শেষে ফেরার পথে। দেশে ফিরে সবাই নিজেদের সম্প্রদায়ের সাথে আলোচনা করে। তারপর নভেম্বর মাসে আয়োজনটি শুরু করা হয়।   

অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫-এর ব্যনার। ছবি: নাহিয়ান / সিসি-বাই-এসএ ৪.০

প্রস্তুতি

বিগত বছরের অভিজ্ঞতা অনুসারে, বাংলা উইকিপিডিয়ায় একটি ইভেন্ট পাতা তৈরি করা হয় ও নিবন্ধগুলির একটি তালিকা দেওয়া হয়। এই তালিকা অনুযায়ী অসমীয়া, নেপালি ও বাংলা উইকিমিডিয়ানগণ একে অন্যের ভাষার সংস্কৃতি, ঐতিহ্য বিষয়ক নিবন্ধ তৈরি করেছেন। তবে এরমধ্যে বেশিরভাগ নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়ায় তৈরি ছিলো। এতে করে নিবন্ধগুলি অনুবাদ করতে সহজ হয়েছিল। অংশগ্রহণকারীরা ফাউন্টেন সরঞ্জামে নিবন্ধগুলো জমা দেন এবং পরবর্তীতে যা পর্যালোচনার মাধ্যমে গৃহীত হয়। এই আয়োজনে বাংলা উইকিমিডিয়ান ছাড়াও অসমীয়া ও নেপালি উইকিমিডিয়ানগণ বাংলায় নিবন্ধ তৈরি করেছেন, যা বাংলাভাষী অন্য উইকিমিডিয়ানদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। আয়োজন শেষে অংশগ্রহণকারীদের উইকি পদক এবং ই-সনদ প্রদান করা হয়।

ফলাফল

৫ নভেম্বর থেকে ১৪ নভেম্বর, ২০২৫ পর্যন্ত ১০ দিনের এডিটাথন অনুষ্ঠিত হয়েছিল। বছরের শেষের দিকে আমরা সহযোগিতামূলক সম্পাদনা মেলাটি সফলভাবে শেষ করতে পেরেছি। বাংলাদেশ থেকে ১৭ জন অংশগ্রহণকারী ৪৯টি নতুন নিবন্ধ তৈরি করেছেন ও ২টির মানোন্নয়ন করেছেন। আসাম থেকে ১২ জন অংশগ্রহণকারী ১০৫টি নতুন নিবন্ধ লিখেছেন। নেপাল থেকে ৫ জন অংশগ্রহণকারী ৩৯টি নিবন্ধ তৈরি করেছেন। এর পাশাপাশি নতুন তৈরি নিবন্ধগুলির জন্য উইকিউপাত্ত পাতাগুলি হালনাগাদ করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ায় সংগঠক হিসাবে ছিলেন অনুপ সাদিদোলন প্রভা এবং পর্যালোচক হিসাবে ছিলেন গালিব হাসান, নাহিয়ান, রামিশা তাব্বাসুম ও কারিগরি দলে ছিলেন নাহিয়ান ও সামিহা রহমান

মূল্যায়ন

অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫” অসমীয়া ব্যবহারকারী দল, উইকিমিডিয়া বাংলাদেশ এবং নেপাল ব্যবহারকারী দল দ্বারা যৌথভাবে সমর্থিত দশ দিনব্যাপী কার্যক্রম ছিল। এটি তিন দেশের তিন ভাষার শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে ফুটিয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে বাংলা, অসমীয়া এবং নেপালি ভাষায় এসব অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে নতুন নিবন্ধ তৈরি করা হয়েছে। এই আয়োজনের লক্ষ্য ছিল অসমীয়া, নেপাল ও বাংলা উইকিকে সমৃদ্ধ করা। এই সম্পাদনা মেলায় যেসব উইকিমিডিয়ান অংশ নিয়েছিলেন তাদের মাঝে অনেকেই অসমীয়া, নেপালি ও বাংলা ভাষার উচ্চারণ, বাক্য গঠন সম্পর্কিত বিষয় অজানা ছিল। এই আয়োজনটি ছিলো নতুন অভিজ্ঞতা। এমন আয়োজন ভবিষতে আন্তঃসংস্কৃতি বিনিময়ে সহায়ক হবে। ২৪ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায় আসাম, নেপাল ও বাংলাদেশের উইকিমিডিয়ানগণ মিলে একটি অনলাইন মিটআপ আয়োজন করা হয়। সেখানে সংগঠক ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সেই মিটআপে আমরা নিজেদের মাতৃভাষায় নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছি। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?