প্রতিটি জাদুঘরেরই একটি নিজস্ব গল্প আছে: সহযোগিতামূলক সম্পাদনা কার্যক্রমের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় সেই গল্প তুলে ধরার সম্মিলিত প্রচেষ্টা

Translate this post

জাদুঘর মানবজাতির সামষ্টিক স্মৃতিকে সংরক্ষণ করে। এগুলো এমন নিদর্শন, ঐতিহ্য, ইতিহাস ও গল্প রক্ষা করে যা মানুষকে তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। তবে এশিয়ার অনেক জাদুঘরের তথ্য এখনও অনলাইনে পর্যাপ্তভাবে উপস্থাপিত হয়নি, বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষাগুলোতে এই বিষয়ে খুব তথ্য নেই। কোটি কোটি বাংলা ভাষাভাষীর জন্যও বিষয়টি সত্য। অনেক জাদুঘরের তথ্য প্রায়ই অসম্পূর্ণ বা সম্পূর্ণ অনুপস্থিত।

এই ঘাটতি পূরণের লক্ষ্যেই আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভার আয়োজন করা হয়। ২০২৬ সালের ১৮ থেকে ২৪ মে পর্যন্ত বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে বাংলা উইকিপিডিয়ায় জাদুঘর-সম্পর্কিত বিষয়বস্তু সমৃদ্ধ করার কাজে অংশ নেন। উইকিমিডিয়া বাংলাদেশ, চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়ের সহযোগিতায় এই উদ্যোগের আয়োজন করে। এর মূল উদ্দেশ্য ছিল এশিয়াজুড়ে জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞানের সহজপ্রাপ্যতা বৃদ্ধি করা।

এটি কেবল একটি সম্পাদনা অভিযানই ছিল না; বরং বাংলা ভাষায় সাংস্কৃতিক জ্ঞানকে আরও দৃশ্যমান ও সহজলভ্য করে তোলার একটি সম্মিলিত প্রচেষ্টা ছিল। অংশগ্রহণকারীরা পুরো সপ্তাহজুড়ে নির্ভরযোগ্য উৎস অনুসন্ধান, তথ্য অনুবাদ, তথ্য-যাচাই এবং বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা তথ্যকে সুসংগঠিত করে বিশ্বকোষীয় নিবন্ধে রূপান্তরের কাজে সময় ব্যয় করেন। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্তের পাঠক সহজেই এসব তথ্য মুক্তভাবে পড়তে ও ব্যবহার করতে পারবেন।

ক্রমবর্ধমান একটি ঐতিহ্যের ধারাবাহিকতা

২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকে আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা বাংলা উইকিপিডিয়ায় জাদুঘর-সম্পর্কিত বিষয়বস্তু সমৃদ্ধ করার লক্ষ্যে একটি বার্ষিক সম্প্রদায়ভিত্তিক উদ্যোগে পরিণত হয়। প্রতিটি আয়োজনই দেখিয়েছে যে স্বেচ্ছাসেবকদের সম্মিলিত সহযোগিতা কীভাবে বিষয়বস্তুর ঘাটতি পূরণ করতে পারে এবং বাংলা ভাষায় সাংস্কৃতিক জ্ঞানের প্রাপ্যতা আরও বৃদ্ধি করতে পারে।

২০২৬ সালের আয়োজনে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের বিভিন্ন স্তরের অবদানকারীরা অংশ নেন, যার মধ্যে অভিজ্ঞ উইকিপিডিয়ান এবং নবাগত উভয়ই ছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টাটি এশিয়ার বিভিন্ন অঞ্চলের জাদুঘর, সংরক্ষণাগার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নথিবদ্ধ করার প্রতি একটি অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

মাত্র সাত দিনে ৯৫টি নতুন নিবন্ধ তৈরি করা যেকোনো মানদণ্ডেই একটি উল্লেখযোগ্য সাফল্য। তবে এই অর্জন আরও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি সম্প্রদায়ভিত্তিক সম্পাদনাসভার মাধ্যমে সম্ভব হয়েছে। যখন উইকিমিডিয়া প্রকল্পগুলোতে প্রতিযোগিতাভিত্তিক অবদান রাখার মডেল ক্রমশ বেশি প্রচলিত হয়ে উঠছে, তখন এই উদ্যোগ দেখিয়েছে যে সহযোগিতা, অভিন্ন লক্ষ্য এবং স্বেচ্ছাসেবকদের অঙ্গীকার এখনও বাংলা উইকিপিডিয়ায় বিষয়বস্তুর বিকাশের শক্তিশালী চালিকাশক্তি হিসেবে কাজ করে।

সীমানা পেরিয়ে জ্ঞানের বিস্তার

উইকিপিডিয়ার অন্যতম শক্তি হলো এটি পাঠকদের তাদের নিকটবর্তী পরিবেশের সীমানা ছাড়িয়ে দূরবর্তী স্থান ও ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। সম্পাদনাসভা চলাকালে অংশগ্রহণকারীরা এশিয়ার ২১টি দেশের জাদুঘর সম্পর্কে নিবন্ধ তৈরি ও উন্নয়ন করেন। এর মধ্যে ছিল বৃহৎ জাতীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে অপেক্ষাকৃত কম পরিচিত আঞ্চলিক জাদুঘরও।

এই নিবন্ধসমূহের সংযোজন বাংলা উইকিপিডিয়ার ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিধিকে আরও বিস্তৃত করেছে। ভারত, ইসরায়েল, আজারবাইজান, পাকিস্তান, সাইপ্রাস, ইরান, থাইল্যান্ড, উজবেকিস্তান, মালয়েশিয়া, জাপান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কাসহ আরও অনেক দেশের জাদুঘরের তথ্য বাংলা উইকিপিডিয়ার ক্রমবর্ধমান জ্ঞানভান্ডারের অংশ হয়েছে। সম্মিলিতভাবে এসব নিবন্ধ পাঠকদের নানাবিধ ইতিহাস, শিল্প-ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সংগ্রহ এবং সাংস্কৃতিক বর্ণনা সম্পর্কে জানার সুযোগ করে দেয়, যা অন্যথায় বাংলা ভাষায় সহজলভ্য নাও হতে পারত।

এশিয়ার বিভিন্ন দেশের জাদুঘর সম্পর্কে নিবন্ধ তৈরি ও উন্নয়নের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু উইকিপিডিয়ার বিষয়বস্তুই সমৃদ্ধ করেননি, বরং বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মগুলোর একটিতে এশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করেছেন।

সাত দিনের এই আয়োজনে স্বেচ্ছাসেবকেরা বাংলা উইকিপিডিয়ায় জাদুঘর ও সাংস্কৃতিক ঐতিহ্য-সংক্রান্ত বিষয়বস্তুর বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখেন:

  • ২৬ জন অংশগ্রহণকারী সম্পাদনাসভায় অংশ নেন।
  • বাংলা উইকিপিডিয়ায় জাদুঘর-সম্পর্কিত ৯৫টি নতুন নিবন্ধ তৈরি হয়।
  • বিশ্বকোষীয় বিষয়বস্তুতে ৫০,০৩৭টি শব্দ সংযোজন করা হয়।
  • এশিয়ার ২১টি দেশের জাদুঘর সম্পর্কে তথ্য নথিবদ্ধ করা হয়।

বিশ্বকোষকে সমৃদ্ধ করতে একটি সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ

প্রতিটি নিবন্ধের জন্য স্বেচ্ছাসেবক জ্ঞানকে সবার জন্য মুক্তভাবে উন্মুক্ত করতে নিজের সময় ও শ্রম বিনিয়োগ করেছেন। অভিজ্ঞ উইকিপিডিয়ান এবং নতুন সম্পাদকরা একসঙ্গে কাজ করেছেন; তারা তথ্যসূত্র ভাগাভাগি করেছেন, গবেষণাসামগ্রী বিনিময় করেছেন এবং পুরো সময়জুড়ে নিবন্ধ উন্নয়নে একে অপরকে সহায়তা করেছেন।

এই সহযোগিতামূলক পদ্ধতি উইকিমিডিয়া আন্দোলনের অন্যতম মৌলিক শক্তির প্রতিফলন ঘটায়—সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জ্ঞানের বিকাশ ঘটে। এভাবে ব্যক্তিগত অবদানগুলো একত্রিত হয়ে একটি বৃহত্তর যৌথ সম্পদে পরিণত হয়, যা পাঠক, শিক্ষার্থী, গবেষক, শিক্ষক এবং সংস্কৃতিপ্রেমী সকলের জন্য উপকার বয়ে আনে।

সবচেয়ে সক্রিয় অবদানকারীদের মধ্যে নীল নন্দী ১৬টি নিবন্ধ তৈরি করেন এবং ১২,৯০৪টি শব্দ সংযোজন করেন। তারেক বাবলু ৯টি নিবন্ধ ও ৬,৪৪৪টি শব্দ যোগ করে পরবর্তী অবস্থানে ছিলেন। অন্যদিকে মেঘমল্লার২০১৭ ৭টি নিবন্ধ তৈরি করে ২,৭৫০টি শব্দ যোগ করেন। তাদের কাজ, অন্যান্য সকল অংশগ্রহণকারীর সম্মিলিত প্রচেষ্টার সঙ্গে মিলিত হয়ে, বাংলা উইকিপিডিয়ায় জাদুঘর-সম্পর্কিত বিষয়বস্তুকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করেছে।

স্বেচ্ছাসেবকদের অবদানের স্বীকৃতি

উইকিমিডিয়া প্রকল্পগুলোর মূল চালিকাশক্তি হলো স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ। অবদানকারীদের নিষ্ঠা ও প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে সকল অংশগ্রহণকারীকে একটি উইকিপিডিয়া পদক এবং একটি প্রশংসাপত্র প্রদান করা হয়।

এ ধরনের স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জনকেই উদ্‌যাপন করে না, বরং সহযোগিতামূলক জ্ঞান নির্মাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি অংশগ্রহণকেও উৎসাহিত করে। আয়োজকদের পক্ষ থেকে মহীন রিয়াদ, মানিক দাস, মাহবুবুল হক ওয়াকিম এবং আনাফ ইবনে সাহেবুলের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। তারা জমাকৃত নিবন্ধসমূহ পর্যালোচনা করেছেন এবং অভিযানের সময় তৈরি হওয়া নিবন্ধগুলোর মান ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য গড়ে তোলা

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভার প্রভাব একটি নির্দিষ্ট বছরের মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালে প্রথম আয়োজনের পর থেকে অবদানকারীরা সম্মিলিতভাবে জাদুঘর-সম্পর্কিত ২১৫টি নিবন্ধ তৈরি করেছেন, যা বাংলা উইকিপিডিয়ায় এই বিষয়ক অন্যতম বৃহৎ বিষয়বস্তু-সংগ্রহ গড়ে তুলেছে। সম্মিলিতভাবে এসব অবদান এশিয়ার বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নথিবদ্ধ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো সম্পর্কে জ্ঞান বাংলা ভাষায় সহজলভ্য করে তুলতে সহায়তা করেছে।

আরও গুরুত্বপূর্ণ হলো, এই ক্রমবর্ধমান নিবন্ধসম্ভার বাংলা ভাষায় উপলব্ধ জ্ঞানের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। এর মাধ্যমে পাঠকেরা বিভিন্ন দেশের জাদুঘর, সাংস্কৃতিক ইতিহাস এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সম্পর্কে এমন বিষয়বস্তু পড়তে পারেন, যা সম্প্রদায়ের সদস্যদের দ্বারাই রচিত ও রক্ষণাবেক্ষণকৃত। এভাবে এই উদ্যোগ শুধু বাংলা উইকিপিডিয়ার বিকাশেই অবদান রাখছে না, বরং জ্ঞানকে আরও অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বশীল এবং সহজপ্রাপ্য করে তোলার বৃহত্তর লক্ষ্যকেও এগিয়ে নিয়ে যাচ্ছে।

এ বছরের অভিযানে অবদান রাখা প্রত্যেক অংশগ্রহণকারী, পর্যালোচক, আয়োজক এবং সমর্থকের প্রতি উইকিমিডিয়া বাংলাদেশ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের সম্মিলিত প্রচেষ্টা বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করছে এবং উইকিমিডিয়া আন্দোলনের মাধ্যমে উপলব্ধ জ্ঞানের বৈচিত্র্যকে আরও শক্তিশালী করছে।

প্রতিটি জাদুঘরেরই একটি গল্প রয়েছে। স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও প্রচেষ্টার ফলে সেই গল্পগুলোর অনেকগুলো এখন বাংলা উইকিপিডিয়ায় স্থান পেয়েছে, যা আগামী বহু বছর ধরে পাঠকদের জ্ঞানের পিপাসা মিটাবে।


Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?