বিশ্বজুড়েই উইকিপিডিয়ার বিশাল ছায়ায় অন্যান্য সহপ্রকল্পগুলো প্রায়ই আড়ালে পড়ে যায়। বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ও এর ব্যতিক্রম ছিল না। উইকিপিডিয়ার অবদানকারীরাই মাঝে মাঝে এই সহপ্রকল্পগুলোতে অল্পস্বল্প সম্পাদনা করতেন। ফলে এই প্রকল্পগুলোর জন্য স্বতন্ত্র সম্প্রদায় গড়ে তোলা প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ ছিল।
তবে এই ধরনের মাঝারি বা ছোট প্রকল্পগুলোতে নতুন অবদানকারী যুক্ত করতে প্রতিযোগিতা ও এডিটাথন দারুণ ভূমিকা রাখে। বিষয়টি মাথায় রেখে কয়েকজন আয়োজক বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে বাংলা উইকিউক্তি, উইকিভ্রমণ, উইকিবই ও উইকিঅভিধানের মতো ছোট প্রকল্পগুলোতে প্রতিযোগিতার উদ্যোগ নেন। ফলাফল ছিল অভাবনীয়। প্রায় নিষ্ক্রিয় থাকা প্রকল্পগুলো হঠাৎ যেন পুনর্জীবন লাভ করে। বিষয়বস্তু বাড়ার পাশাপাশি প্রচুর নতুন অবদানকারী উইকিমিডিয়া পরিমণ্ডলে প্রবেশ করেন। ধীরে ধীরে প্রকল্পগুলোর স্বতন্ত্র সম্প্রদায় গড়ে ওঠার সম্ভাবনা দেখা দেয়।
তবে ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হওয়ার কারণে বেশ কিছু প্রশাসনিক জটিলতা দেখা দেয়। উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্রান্ট অনুমোদনে দেরি, সাইট ও সেন্ট্রাল নোটিশের সময়সূচিতেও সংঘর্ষ হতো। পাশাপাশি আয়োজকদের মধ্যে যোগাযোগের ঘাটতি এবং আন্তঃপ্রকল্প সমন্বয়ে সমস্যা তৈরি হতো। বড় পরিসরের কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতারও অভাব ছিল।
সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ২০২৫ সালে বাংলা প্রকল্পগুলোর আয়োজকদের সমন্বয়ে আমাদের এই বা ‘বাংলা উইকিসংযোগ’ তথা ‘Bangla WikiConnect’ আত্মপ্রকাশ করে। গত বছর আমরা উইকিমিডিয়া বাংলাদেশের অর্থায়নে সবগুলো প্রতিযোগিতাকে এই প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসি। সার্বিক সমন্বয়ের জন্য একটি মূল দলের পাশাপাশি পাশাপাশি প্রতিটি আয়োজনের জন্য আলাদা দল তৈরি করা হয়। প্রতিটি প্রকল্পে প্রতিযোগিতার আয়োজক দলগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। অন্যদিকে কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মূল দল প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিয়ে সহায়তা করে। এই কাঠামোগত পরিবর্তন অভাবনীয় সাফল্য নিয়ে আসে। এর ফলে আমরা অনেক বেশি সুশৃঙ্খল ও কার্যকরভাবে প্রতিযোগিতাগুলো সম্পন্ন করতে সক্ষম হই। গত বছরের এই কেন্দ্রীয় মডেলের বিশাল সাফল্যের ধারাবাহিকতায় এবারও আমরা একই পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করছি।
প্রথম বছরের উল্লেখযোগ্য অর্জন
গত বছর আমাদের আয়োজিত প্রতিযোগিতাগুলো ছোট প্রকল্পগুলোকে পুনরুজ্জীবিত করতে দারুণ ভূমিকা রেখেছে। নিচে আমাদের প্রথম বছরের কিছু উল্লেখযোগ্য অর্জন তুলে ধরা হলো:
- লিঙ্গবৈষম্য নিরসনে সাফল্য: উইকিমিডিয়া প্রকল্পগুলোতে নারীদের অংশগ্রহণ বাড়াতে আমাদের প্রতিযোগিতাগুলো দারুণ ভূমিকা রেখেছে। আমাদের আয়োজিত একটি বাদে প্রতিটি প্রতিযোগিতার পর্যালোচক দলেই অন্তত একজন নারী পর্যালোচক ছিলেন। অবদানকারী হিসেবেও নারীদের অভাবনীয় সাফল্য লক্ষ্য করা গেছে।
- বাংলা উইকিউক্তি প্রতিযোগিতা: এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিউক্তি ২০০০ পাতার মাইলফলক অতিক্রম করে। ১৮৮ জন আগ্রহী ব্যবহারকারীর মধ্যে ৬১ জন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ৬৯৫টি নতুন পাতা তৈরির পাশাপাশি ১৬,২৭,৯৩৫টি শব্দ যুক্ত হয়। ফলস্বরূপ বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলা উইকিউক্তি ৩৬ থেকে ৩১ তম স্থানে উঠে আসে। এই প্রতিযোগিতায় শীর্ষ ৩ জন বিজয়ীর মধ্যে ১ জন নারী অবদানকারী রয়েছেন।
- উইকিবই লিখন প্রতিযোগিতা: মুক্ত শিক্ষামূলক কনটেন্ট তৈরির এই প্রতিযোগিতায় ২৫১ জন নিবন্ধিত ব্যবহারকারীর মধ্যে ৫৮ জন সক্রিয়ভাবে পাতা জমা দেন। কঠোর পর্যালোচনার পর ১১৬২টি পাতা গৃহীত হয় এবং ১১,৪৬,৫০৯টি শব্দ যুক্ত হয়। এখানে শীর্ষ ৫ জন অবদানকারীর মধ্যে ২ জনই নারী ছিলেন। এটি আমাদের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির একটি চমৎকার উদাহরণ।
- উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা: বাংলা ভাষার নতুন ভুক্তি তৈরির এই প্রতিযোগিতায় ৪৫ জন সক্রিয় অবদানকারী ৭৯৯৬টি ভুক্তি জমা দেন। এর মধ্যে ৬৬৪৩টি ভুক্তি গৃহীত হয়। এই প্রতিযোগিতায় শীর্ষ ৩ জন অবদানকারীর মধ্যে ১ জন নারী রয়েছেন। আমাদের একজন শীর্ষ অবদানকারী একাই ১৪১১টি ভুক্তি তৈরি করেছেন।
- উইকিভ্রমণ নিবন্ধ লিখন প্রতিযোগিতা: ভ্রমণ বিষয়ক কনটেন্ট সমৃদ্ধ করার এই আয়োজনে ৭০ জন অবদানকারী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ৩৫৭টি ভ্রমণ বিষয়ক আর্টিকেল জমা পড়ে। পর্যালোচনার পর মোট ১০,১২,৭৮২টি শব্দ গৃহীত হয়। এখানেও পর্যালোচকের পাশাপাশি শীর্ষ ৫ এর একজন ছিলেন নারী।
- উইকি লাভস চিলড্রেন: শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে ২০২১ সালে বাংলা উইকিপিডিয়ায় এই উদ্যোগ শুরু হয়। গত বছর ৬০ জন সক্রিয় অবদানকারী ১০১৪টি নিবন্ধ তৈরি করেন। এর মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ১১,৪২,৬২৮টি শব্দ যুক্ত হয়।
নতুন বছরে আমাদের পরিধি বিস্তার
প্রথম বছরের সফলতার ধারাবাহিকতায় আমরা এবার কাজের পরিধি আরও বাড়াচ্ছি:
- উইকি লাভস আর্থ (বাংলাদেশ পর্ব): বাংলাদেশের জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চলের ছবি সংগ্রহের আন্তর্জাতিক প্রতিযোগিতা উইকি লাভস আর্থের বাংলাদেশ পর্বটিকে আমরা এবার কেন্দ্রীয় কাঠামোর অধীনে নিয়ে এসেছি। এর মাধ্যমে আমরা স্থানীয় প্রাকৃতিক ঐতিহ্যের ছবিগুলো উইকিমিডিয়া কমন্সে যুক্ত করে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। ২০২৫ সালে উইকিকানেক্টেরই কিছু সদস্যদের স্বাধীন উদ্যোগে বাংলাদেশ অংশ আয়োজিত হয়েছিল। সেখান থেকে আন্তর্জাতিক পর্যায়ে একটি ছবি ৭ম স্থান অর্জন করে। বিচ্ছিন্ন উদ্যোগেই যখন এত বড় আন্তর্জাতিক সাফল্য এসেছে, তাই এবার সমন্বিত কাঠামোর অধীনে এটি আরও বড় পরিসরে প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।
- উইকি লাভস চিলড্রেন (বৈশ্বিক বিস্তার): বাংলা উইকিপিডিয়ায় বিশাল সাফল্যের পর আমরা এবার উইকি লাভস চিলড্রেন ক্যাম্পেইনটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছি। বিশ্বের বিভিন্ন ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হয়ে শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে আমরা একটি সমৃদ্ধ ও বহুমুখী তথ্যভাণ্ডার গড়ে তুলতে চাই।
দক্ষতা উন্নয়ন ও নতুন নেতৃত্ব তৈরি
আমাদের এই বছরব্যাপী কেন্দ্রীয় কাঠামো দক্ষতা উন্নয়নের একটি দারুণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এটি নতুন আয়োজক তৈরি করতে, নেতৃত্বের গুণাবলী বিকাশ করতে এবং বৃহত্তর উইকিমিডিয়া সম্প্রদায়ের মাঝে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করছে। আমরা আয়োজক ও পর্যালোচকদের দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক অনলাইন কর্মশালা আয়োজন করেছি।
তহবিল এবং প্রকল্পগুলো পরিচালনার জন্য আমরা দুই-একটি জায়গায় ছোটখাটো পরিবর্তন ছাড়া মোটাদাগে গত বছরের সফল কাঠামোটিই বজায় রেখেছি। তবে এবার আমাদের টেকসই নেতৃত্ব তৈরির লক্ষ্যে মূল দলে দু’জন নতুন সদস্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে একজনকে একটি প্রতিযোগিতা সম্পূর্ণভাবে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি নির্দিষ্ট প্রকল্প পরিচালনার জন্য আলাদা দল রয়েছে। এই দলগুলোর কাজের সমন্বয়, অনুদান ব্যবস্থাপনা, প্রতিবেদন তৈরি এবং অন্যান্য দাপ্তরিক কাজের জন্য আমাদের মূল আয়োজক দল কাজ করছে। এই দলে রয়েছেন:
- Yahya – প্রধান সমন্বয়কারী
- MdsShakil – তহবিল সমন্বয়কারী ও উইকিবই প্রতিযোগিতার আয়োজক
- MS Sakib – পর্যালোচক সমন্বয়কারী ও উইকিউক্তি প্রতিযোগিতার আয়োজক
- RiazACU – উইকিঅভিধান প্রতিযোগিতার আয়োজক
- DeloarAkram – উইকি লাভস চিলড্রেনের বাংলা পর্বের আয়োজক
- ARI – উইকিভ্রমণ প্রতিযোগিতার আয়োজক
- Tausheef Hassan – কারিগরি নেতৃত্ব
অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষা
গত এক বছরে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। সমন্বয়হীনতা ও প্রশাসনিক জটিলতা দূর করতে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম কতটা কার্যকর হতে পারে, তা আমরা হাতেকলমে প্রমাণ পেয়েছি। সঠিক প্রশিক্ষণ এবং দিকনির্দেশনা পেলে নতুন আয়োজকেরাও দারুণভাবে বড় কর্মসূচি সফল করতে পারেন। আমাদের এই মডেল সেটি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে।
আহ্বান
বাংলা উইকিকানেক্ট প্রমাণ করেছে, একসাথে কাজ করার মাধ্যমে ছোট প্রকল্পগুলোকে খুব সহজেই এগিয়ে নেওয়া সম্ভব। আমরা বিশ্বের অন্যান্য উইকিমিডিয়া সম্প্রদায়কেও এই মডেলটি তাদের নিজেদের ভাষায় প্রয়োগ করার আহ্বান জানাই। বিশেষ করে উইকি লাভস চিলড্রেনের বৈশ্বিক আয়োজনে অংশ নিতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের মূল দলের সাথে যোগাযোগের প্রয়োজন হলে বা কোনো প্রশ্ন থাকলে connect@bnwp.org ঠিকানায় ইমেইল করতে পারেন।
Can you help us translate this article?
In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?
Start translation

