উইকিমিডিয়ার প্রকল্পলোতে অংশ নেওয়ার প্রথম ধাপই হলো অ্যাকাউন্ট খোলা। তবে যারা মোবাইল দিয়ে আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন, তাদের অনেকের জন্যই এই প্রথম ধাপটি খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
২ জুলাই থেকে, যারা লগ-আউট অবস্থায় মোবাইলে উইকিপিডিয়া পড়বেন, তারা ওয়েবসাইটের একেবারে ওপরের অংশে সরাসরি নতুন অ্যাকাউন্ট খোলার একটি বোতাম দেখতে পাবেন। এই পরিবর্তনটি করা হয়েছে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটিকে আরও সহজ, স্পষ্ট এবং সহজে খুঁজে পাওয়ার জন্য। বিশেষ করে মোবাইল ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে, কেননা এখন বেশিরভাগ মানুষ মোবাইল দিয়েই উইকিপিডিয়া ব্যবহার করেন।
কেন এটি গুরুত্বপূর্ণ
২০১৯ সালের পর থেকে নতুন অ্যাকাউন্ট খোলার সংখ্যা অনেক কমে গেছে, যার কারণে নতুন সক্রিয় সম্পাদকের সংখ্যাও হ্রাস পাচ্ছে। আজকের নতুনরাই কালকের অভিজ্ঞ সম্পাদক হবেন, তাই এই ঘাটতির কারণে ভবিষ্যতে উইকিপিডিয়ার বড় দায়িত্বগুলো সামলানোর মতো মানুষের অভাব দেখা দিতে পারে।

মোবাইলের ক্ষেত্রে, অ্যাকাউন্ট খোলার অপশনটি সহজে খুঁজে পাওয়া যায় না। ব্যবহারকারীদের প্রথমে হ্যামবার্গার মেনু ওপেন করতে হয়, সেখান থেকে “লগ ইন” খুঁজে বের করতে হয়, এরপর স্ক্রিনে চলে আসা কিবোর্ডটি সরাতে হয়, তারপর লগইন পেজের একদম নিচে স্ক্রোল করে যেতে হয়, আর তখনই কেবল তারা অ্যাকাউন্ট তৈরি করার ফর্মের লিংকটি দেখতে পান। যে কাজটি একদম সামনে বা সহজে থাকার কথা ছিল, সেটার জন্য অনেকগুলো ধাপ পার হতে হয়।
সবচেয়ে বেশি পরিদর্শন করা শীর্ষ ২০টি ওয়েবসাইটের মধ্যে একটি তুলনামূলক গবেষণায় দেখা গেছে যে, প্রায় প্রতিটি সাইটই তাদের মোবাইলের হেডার বা হোমপেজ থেকে সরাসরি অ্যাকাউন্ট খোলার একটি স্পষ্ট অপশন রাখে। কিন্তু উইকিপিডিয়া এই নিয়মের বাইরে ছিল।
আমরা যা পরীক্ষা করেছি
আমরা একটি পরীক্ষা চালিয়েছিলাম, যেখানে মোবাইলের ওয়েব হেডারে ব্যবহারকারী অ্যাকাউন্টের একটি বোতাম যোগ করা হয়েছিল। এর ফলে যারা লগ-ইন না করে সাইট ব্যবহার করছিলেন, তারা অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি এবং সহজে চোখে পড়ে এমন একটি পথ পেয়েছিলেন।
নিচে দুটি আলাদা অভিজ্ঞতা দেখানো হয়েছে। প্রথম ক্ষেত্রে, ব্যবহারকারী অ্যাকাউন্ট আছে কি না, তার কোনো দৃশ্যমান চিহ্নই নেই; আগে থেকে না জানলে কেউ মেনুর ভেতরে খোঁজার কথাও ভাববে না। দ্বিতীয় ক্ষেত্রে, হেডারে একটি সাধারণ ইউজার আইকন থাকায় একনজরেই বোঝা যায় যে অ্যাকাউন্ট ব্যবস্থা আছে, আর সেটিতে ট্যাপ করলেই সরাসরি নিবন্ধনের পৃষ্ঠায় চলে যায়।


এর ফলাফল ছিল আশাব্যঞ্জক: মোবাইলে প্রথম ক্ষেত্রটি দ্বিতীয়টির তুলনায় প্রায় ২০% বেশি অ্যাকাউন্ট তৈরি করেছে, এবং এই ফলাফল পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ (p = ০.০৪৩)। গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরবর্তী গুণমান সূচকগুলো ঠিক ছিল, দুই ক্ষেত্রে মধ্যে গঠনমূলক সম্পাদনার হারে পরিসংখ্যানগতভাবে কোনো উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়নি। অর্থাৎ, নিবন্ধন বাড়ার সঙ্গে নিম্নমানের (পূর্বের অবস্থায় ফেরত নেওয়া) সম্পাদনার ঢেউ আসেনি।
নবীন সম্পাদকদের জন্য একটি শুভ সূচনা
অবশ্যই, কেবল হেডারই যে অ্যাকাউন্ট তৈরির একমাত্র পথ তা নয়। সবচেয়ে স্বাভাবিক একটি পথ হলো সম্পাদনা করাটা নিজেই, যখন কোনো পাঠক কোনো কিছু ঠিক করার মতো বিষয় দেখতে পান এবং সম্পাদনা বোতামে টোকা দেন।
এটি অবশ্য আগে ভালোভাবে সামলানো হয়নি। মোবাইলে লগ-ইন না করা অবস্থায় কেউ সম্পাদনা করতে গেলে একটা সতর্কবার্তা আসে, যেখানে “সাময়িক অ্যাকাউন্ট দিয়ে সম্পাদনা করুন” কথাটাকেই মূল আহ্বান হিসেবে দেখানো হয়। বার্তার উপস্থাপনা হঠাৎ করে আসার মতো, নকশাটাও পুরোনো ধাঁচের। আর যে ব্যক্তি হয়তো সত্যিকারের একটা পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট খুলতে প্রস্তুত ছিল, তাকে এটা ভুল পথেই ঠেলে দেয়।
আমরা সেই ইন্টারফেসটি নতুন করে সাজিয়েছি, যাতে অ্যাকাউন্ট তৈরি করাটাই এগিয়ে যাওয়ার সুস্পষ্ট আর পরামর্শিত পথ হিসেবে ভালোভাবে চোখে পড়ে। নিচে দুই ধরনের ইন্টারফেস দেখানো হয়েছে, বাঁ দিকে বর্তমান সতর্কতা, ডান দিকে আপডেট করা ডিজাইন।


পরীক্ষণটি ২০২৬ সালের ১৬ মার্চ দশটি উইকিপিডিয়ায় শুরু হয়: আরবি, ফরাসি, স্পেনীয়, জার্মান, রুশ, চীনা, ইতালীয়, পর্তুগিজ, ফার্সি ও পোলীয়। ২০২৬ সালের ২৬ এপ্রিল এর ফলাফল পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে (p < ০.০৫), অর্থাৎ প্রায় নিশ্চিতভাবেই এই ফলাফল নিছক দৈবক্রমে ঘটেনি। এই পরীক্ষণটিতে প্রায় ৩,৮৭,০০০ জন অংশ নেন, যাদের অর্ধেককে রাখা হয় বর্তমান দলে এবং বাকি অর্ধেককে পরীক্ষামূলক দলে।
এর ফলাফল ছিল উল্লেখযোগ্য। যারা আপডেট করা বার্তাটি দেখেছিলেন, তাদের স্থায়ী অ্যাকাউন্ট তৈরির হার ২৭% বেড়ে গিয়েছিল, আর একই দলের অস্থায়ী অ্যাকাউন্ট তৈরির হার ১৬% কমে গিয়েছিল, নতুন ব্যবহারকারীরা কোন অ্যাকাউন্ট বেছে নিচ্ছেন, সেটাতে এটি একটি অর্থবহ পরিবর্তন। হেডার বাটনের পরীক্ষাটির মতোই, গঠনমূলক সম্পাদনার হার আগের মতোই ছিল, যা নিশ্চিত করে যে স্থায়ী নিবন্ধন বেড়ে যাওয়ার ফলে সম্পাদনার মানের কোনো ক্ষতি হয়নি।
এরপর কি
এটির কাজ চলমান। আমরা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করছি, যেমন অ্যাকাউন্ট তৈরির ফর্মটির উন্নতি এবং অস্থায়ী অ্যাকাউন্ট থেকে স্থায়ী অ্যাকাউন্টে রূপান্তরের প্রক্রিয়ায় একটি ছোট পরিবর্তনের পরীক্ষা যাতে আরও বেশি অস্থায়ী ব্যবহারকারী স্থায়ী অ্যাকাউন্টধারী হন।
আমরা যেসব পরীক্ষা-নিরীক্ষার কথা ভেবেছিলাম, তার সবগুলো শেষ পর্যন্ত চালু করা হয়নি। একটি ক্ষেত্র ছিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি ইউজারনেমের পরামর্শ, যা ইউজারনেম বাছাইয়ের সময় ঝামেলা কমানোর একটি পন্থা। সম্প্রদায়ের সদস্যরা এই পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ জানিয়েছিলেন, যার মধ্যে ছিল ইউজারনেমের মান এবং উইকিতে নতুন অ্যাকাউন্টের জন্য কেমন অভিজ্ঞতা তৈরি হবে তা নিয়ে দুশ্চিন্তা। আমরা তাঁদের কথা শুনেছি, আর তাই স্বয়ংক্রিয় ইউজারনেম পরীক্ষাটিকে অগ্রাধিকার দেওয়া হয়নি। যেসব সম্প্রদায়ের সদস্য এই প্রস্তাবনার সঙ্গে যুক্ত হয়েছেন এবং নিজেদের মতামত জানিয়েছেন, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।
বেশি বেশি মানুষকে অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করাটা কেবল শুরু। ফাউন্ডেশনের বিভিন্ন দল কাজ করছে যেন নিবন্ধনের এই বৃদ্ধি প্রকৃত সম্প্রদায়ের সক্ষমতায় রূপ নেয়। গ্রোথ ও মডারেটর টুলস দল নতুন সম্পাদকদের দক্ষতা বাড়ানোর জন্য ভালো পথ তৈরি করছে এবং তাদের আরও দায়িত্ব নেওয়ার সুযোগ করে দিচ্ছে। প্রোডাক্ট সেফটি ও ইন্টেগ্রিটি দল এমন সরঞ্জাম বানাচ্ছে, যা অভিজ্ঞ ব্যবহারকারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নতুন অ্যাকাউন্টের বাড়তি চাপ সামলাতে সাহায্য করবে। এডিটিং দল সম্পাদনার অভিজ্ঞতাকেই উন্নত করছে, যার মধ্যে রয়েছে সাজেশন মোড ও এডিট চেক-এর পরিধি বাড়ানো। এর একটি সুনির্দিষ্ট উদাহরণ হলো পেস্ট চেক, একটি ফিচার যা ভিজ্যুয়াল এডিটরে কপি-পেস্ট করা লেখা শনাক্ত করতে পারে, ফলে এআই দিয়ে তৈরি বিষয়বস্তু উইকিতে আসার আগেই তা চিহ্নিত করা যায়।
অ্যাকাউন্ট তৈরি পাঠকদের আরও গভীরভাবে যুক্ত করা এবং অবদানকারীর সংখ্যা বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার সঙ্গেও জড়িত। মোবাইল অ্যাপের ২৫তম জন্মদিনের পাঠ চ্যালেঞ্জ নতুন দর্শকদের আকৃষ্ট করেছে এবং তাদের অ্যাকাউন্ট তৈরি করতে উৎসাহিত করেছে। পাঠ তালিকা পাঠকদের আবার ফিরে আসার একটা কারণ দেয়। ভবিষ্যতের দর্শক প্রকল্পটি ভাবছে উইকিপিডিয়ার পরবর্তী প্রজন্মের অবদানকারীরা কারা হবে। আর সামাজিক মাধ্যম ও বহিঃযোগাযোগ সংক্রান্ত কাজ প্রথম থেকেই মানুষ কীভাবে উইকিমিডিয়া প্রকল্পগুলো খুঁজে পায় ও তার সঙ্গে যুক্ত হয়, সেই পথটাকে আরও প্রশস্ত করছে।
সবকিছুর পেছনে মূলকথা একই: এমন একটি শক্তিশালী পাঠক ও অবদানকারীর ধারা তৈরি করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

আশাবাদী হওয়ার মতো সত্যিকারের কারণ রয়েছে। ২০২৬ সালের মে মাসে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উইকিমিডিয়ায় সবচেয়ে বেশি নতুন অ্যাকাউন্ট নিবন্ধন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৯.৮% বেশি। এই বৃদ্ধির বড় অংশ এসেছে মোবাইল অ্যাপের ২৫তম জন্মদিনের পাঠ চ্যালেঞ্জকে ঘিরে তৈরি হওয়া আগ্রহ থেকে, তবে মোবাইল ওয়েবসাইটেও নিবন্ধন বাড়ছে। এখনও শুরু মাত্র, এই প্রবণতা ধরে রাখতে হবে, কিন্তু কয়েক বছরের পতনের পর সংখ্যাগুলোকে শেষ পর্যন্ত সঠিক পথে বাড়তে দেখা সত্যিই উৎসাহব্যঞ্জক।

অ্যাকাউন্ট ক্রিয়েশন এক্সপেরিমেন্ট সম্পর্কে আরও জানুন, অবদানকারী গ্রোথ নিউজলেটার সাবস্ক্রাইব করুন।
Can you help us translate this article?
In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?
Start translation