উক্তি প্রতিযোগিতা ২০২৬: বাংলা উইকিউক্তির নজিরবিহীন অগ্রযাত্রা

Translate this post

বাংলা উইকিসংযোগ দলের উদ্যোগে সম্প্রতি উক্তি প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে শেষ হয়েছে। চমৎকার এই আয়োজনের সফল সমাপ্তিতে উচ্ছ্বসিত বাংলা উইকিউক্তি সম্প্রদায়। গত বছরের দারুণ সফলতার ধারাবাহিকতা ধরে রেখে এবারও বাংলা উইকিমিডিয়ানরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। যদিও গতবারের চেয়ে এবার প্রতিযোগীর সংখ্যা কিছুটা কম ছিল, তবে নতুন পাতা তৈরি আর মোট শব্দের সংখ্যার দিক থেকে এবারের আয়োজন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

জেডটুলস: প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে এক সমন্বিত সমাধান

বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাধারণত নিবন্ধসংখ্যার চেয়ে মোট শব্দসংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বহুল ব্যবহৃত ফাউন্টেন টুলের অন্যতম বড় সীমাবদ্ধতা হলো, এটি শব্দসংখ্যাভিত্তিক প্রতিযোগিতা পরিচালনার জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে না। এ কারণে গত বছরের প্রতিযোগিতায় জমা প্রদান ও পর্যালোচনা ব্যবস্থাপনার জন্য চেকমেট টুল ব্যবহার করা হয়েছিল। তবে প্রতিযোগিতা চলাকালীন সার্ভার বিকল হয়ে পর্যালোচনার তথ্যের একটি অংশ হারিয়ে যাওয়ায়, আয়োজক দল এ বছর আবারও পরিচিত ফাউন্টেন টুলেই ফিরে আসে।

ফাউন্টেনের নিজস্ব ইউআইয়ের এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে উইকিমিডিয়ান রিফাত একটি শক্তিশালী কাস্টম টুল তৈরি করেন, যার নাম জেডটুলস। এপিআই এবং ফাউন্টেন থেকে সরাসরি লাইভ ডেটা নেওয়ার সুবিধা কাজে লাগিয়ে জেডটুলস প্রতিযোগী ও পর্যালোচক, উভয়ের জন্যই একটি চমৎকার একক সমাধান হিসেবে কাজ করেছে।

জেডটুলসে যুক্ত করা হয়েছিল বেশ কয়েকটি উদ্ভাবনী সুবিধা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:

  • তাৎক্ষণিক শব্দসংখ্যার লিডারবোর্ড: শুধু নিবন্ধসংখ্যা নয়, অংশগ্রহণকারীদের হালনাগাদ মোট শব্দসংখ্যাও রিয়েল-টাইমে প্রদর্শনের ব্যবস্থা।
  • মতপার্থক্য সমন্বয় ব্যবস্থা: একই নিবন্ধ একাধিক পর্যালোচক মূল্যায়ন করলে তাদের ভিন্ন সিদ্ধান্ত শনাক্ত ও সমন্বয় করার সুবিধা।
  • ব্যক্তিগত পর্যালোচক ড্যাশবোর্ড: নিরাপদে লগইন করে বাতিল হওয়া জমা এবং পর্যালোচকদের মন্তব্য এক জায়গায় দেখার সুযোগ।
  • উইকিতে সরাসরি সংযুক্তি: টুল থেকেই প্রতিযোগিতার আলোচনা পাতায় সরাসরি বার্তা প্রকাশ করার সুবিধা।

এসব সুবিধা পর্যালোচনা প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করে তোলে। ফলে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুততর, অধিক স্বচ্ছ ও নির্ভুলভাবে প্রকাশ করা সম্ভব হয়েছে।

সংখ্যার আড়ালে: বৈচিত্র্যময় সব অবদান

৪৩ জন সক্রিয় অংশগ্রহণকারীর মধ্যে শেষ পর্যন্ত ৩১ জনের অবদান গৃহীত হয়। প্রতিযোগিতা চলাকালে বাংলা উইকিউক্তি বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে:

  • বাংলা উইকিউক্তিতে ৯৩৫টি নতুন পাতা তৈরি হয়।
  • এর মধ্যে ৮৩০টি পাতা প্রতিযোগিতায় জমা দেওয়া হয়।
  • জমা পড়া পাতার মধ্যে ৭১১টি পাতা সফলভাবে গৃহীত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩৫টি বেশি।

বে এবারের সবচেয়ে বড় চমক ছিল বিপুল পরিমাণ বিষয়বস্তু সংযোজন। অংশগ্রহণকারীরা সব মিলিয়ে ২৫,৪৩,২৮২টি শব্দ জমা দিয়েছিলেন, যার মধ্যে ২১,৪৮,২০২টি শব্দ গৃহীত হয়েছে।

উইকিউক্তিকে সমৃদ্ধ করতে একেকজন প্রতিযোগী একেক রকম চমৎকার কৌশল ও অবদানের শৈলী বেছে নিয়েছিলেন:

  • ড. মোসাদ্দেক খন্দকার মাত্র ১৯টি পাতায় ৪,০৪,৭৩৪ গৃহীত শব্দ যোগ করে প্রথম স্থান অর্জন করেন।
  • ARI ২৮টি পৃষ্ঠায় ৩,১২,২১২ শব্দ যোগ করে দ্বিতীয় স্থান অধিকার করেন।
  • অন্যদিকে, সামগ্রিকভাবে তৃতীয় স্থান অর্জনকারী তুহিন একাই ২৮০টি পৃষ্ঠা জমা দিয়ে সর্বাধিক সংখ্যক পৃষ্ঠার অবদান রাখেন।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপের বড় লাফ

গত এক বছরে কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ায় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩১তম স্থান থেকে ৩৩তম স্থানে নেমে গিয়েছিল বাংলা উইকিউক্তি। তবে এবারের প্রতিযোগিতার অভাবনীয় সাফল্যের ওপর ভর করে প্রকল্পটি আবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এক লাফে ছয় ধাপ এগিয়ে বাংলা উইকিউক্তি এখন বিশ্বের ২৭তম বৃহত্তম উইকিউক্তির অবস্থান অর্জন করেছে।

পুরস্কার, স্বীকৃতি ও বৈচিত্র্য

প্রতিযোগিতার শীর্ষ ১০ জন অবদানকারীকে পুরস্কার ও মুদ্রিত সনদ প্রদান করা হয়। এই তালিকায় ছিল উইকিমিডিয়া আন্দোলনের বৈচিত্র্য ও আন্তঃসীমান্ত সহযোগিতার এক সুন্দর প্রতিফলন—শীর্ষ দশে ছিলেন দুইজন নারী উইকিমিডিয়ান, পাশাপাশি বাংলাদেশের সাতজন এবং ভারতের তিনজন অবদানকারী।

সব মিলিয়ে কেবল এই শীর্ষ ১০ জন প্রতিযোগীই ৫৯৫টি পাতা তৈরি করেছেন এবং তাদের হাত ধরেই এসেছে প্রায় ২০ লাখ গৃহীত শব্দ।

এ ছাড়া, ১১তম থেকে ৩১তম স্থান অর্জনকারী ২১ জন উইকিমিডিয়ানকে তাদের মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল সনদ দেওয়া হয়েছে।

পর্যালোচকদের নিরলস প্রচেষ্টা

সাত সদস্যের একটি নিবেদিতপ্রাণ পর্যালোচক দল এই বৃহৎ আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই পাতার একাধিক জমাসহ তারা মোট ৮৭১টি পৃষ্ঠা পর্যালোচনা করেন। এর মধ্যে মেহেদী আবেদীন সর্বাধিক ২৭৫টি জমাদান মূল্যায়ন করে শীর্ষ পর্যালোচকের স্থান অর্জন করেন।

বাংলা উইকিমিডিয়া প্রকল্পের প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম, সংশোধনের জন্য নির্ধারিত অতিরিক্ত সময় এবং পুনর্মূল্যায়নসহ পুরো পর্যালোচনা প্রক্রিয়া মাত্র পাঁচ দিনের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়। এটি দক্ষতা ও দ্রুততার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

সম্প্রদায়ের মতামত ও আগামী দিনের পথচলা

প্রতিযোগিতা শেষে অন্তত একটি পাতা গৃহীত হয়েছে এমন ২৮ জন ব্যবহারকারীর ওপর একটি জরিপ চালানো হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে ৯৩ শতাংশই জানিয়েছেন যে প্রতিযোগিতা শেষ হওয়ার পরও তারা নিয়মিত বাংলা উইকিউক্তিতে অবদান রাখতে চান।

জেডটুলসের মাধ্যমে সরাসরি হালনাগাদকৃত তথ্য পাওয়ার সুবিধাটি প্রতিযোগীরা দারুণ পছন্দ করেছেন। এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে আয়োজকেরা আগামী আয়োজনগুলোতে মূল প্রতিযোগিতার পাতা থেকেই সরাসরি এই টুল ব্যবহারের সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছেন।

যদিও সম্প্রদায়ের কিছু সদস্য বিদ্যমান পৃষ্ঠাগুলো সম্প্রসারণের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন, আয়োজক দল আপাতত নতুন পৃষ্ঠা তৈরির দিকেই অগ্রাধিকার বজায় রাখতে চায়। কারণ বাংলা উইকিউক্তি এখনও দ্রুত বিকাশমান একটি প্রকল্প।

সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিষ্ঠা এবং আন্তরিক প্রচেষ্টাই উক্তি প্রতিযোগিতা ২০২৬-কে একটি অসাধারণ সাফল্যে পরিণত করেছে। এমন উদ্দীপনা ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে বাংলা উইকিউক্তির ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল হবে, তা বলাই বাহুল্য।

Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?