পরিচিত হোন ২০২৬ সালের বর্ষসেরা উইকিমিডিয়ানদের সঙ্গে!

Translate this post

এ বছর আমরা উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করছি। এটি শুধু জ্ঞানের নয়, বরং সেই মানুষগুলোরও উদ্‌যাপন, যাদের নিরলস অবদানে এই বিশাল জ্ঞানভান্ডার গড়ে উঠেছে। তথ্য সংগ্রহে নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী, তথ্যসূত্র যাচাইয়ে যত্নশীল সম্পাদক, উদ্যমী সংগঠক, ধৈর্যশীল টহলদাতা, নিষ্ঠাবান নিবন্ধ রচয়িতা—এদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টাতেই উইকিমিডিয়ার এই অসাধারণ যাত্রা সম্ভব হয়েছে।

তাই এ বছরও আমরা উদ্‌যাপন করছি প্রকল্পগুলোর নেপথ্যের মানুষদের। বহুল প্রতীক্ষিত উইকিমিডিয়ান অব দ্য ইয়ার পুরস্কারের মাধ্যমে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের এবং তাদের মাধ্যমে সমগ্র উইকিমিডিয়া সম্প্রদায়কে সম্মান জানানো হয়। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা Jimmy Wales-এর হাত দিয়ে প্রদান করা এই পুরস্কারে দীর্ঘদিনের সম্পাদক ও আন্দোলনের অন্যতম ভিত্তি হিসেবে অবদান রাখা ব্যক্তিদের Laureate বিভাগে, মানুষ, ভূমিকা ও উইকিমিডিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপনকারীদের নতুন Community Connector বিভাগে এবং প্রধান Wikimedian of the Year বিভাগে সম্মানিত করা হয়। পাশাপাশি প্রদান করা হয় Honorary Mention-ও।

এই সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উদ্‌যাপনের পাশাপাশি আমরা বিশ্বের প্রতিটি উইকিমিডিয়ানকে শ্রদ্ধা জানাই—যারা প্রতিদিন একটি তথ্যসূত্র যোগ করেন, নতুন তথ্য শেয়ার করেন, বানান সংশোধন করেন, নিবন্ধ তৈরি করেন, ধ্বংসপ্রবণতা প্রতিরোধ করেন, স্ক্রিপ্ট তৈরি করেন কিংবা কোনো প্রচারণার আয়োজন করেন। এই অসাধারণ সাফল্য আপনাদের সবার।

আর দেরি নয়—চলুন পরিচিত হই ২০২৬ সালের উইকিমিডিয়ান অব দ্য ইয়ার পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে।

বর্ষসেরা উইকিমিডিয়ান: Jules (জুলস)*

এ বছর উইকিম্যানিয়া যখন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে, তখন আমরা উদ্‌যাপন করছি ফরাসি উইকিপিডিয়ার নির্ভরযোগ্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন বিশ্বস্ত সম্পাদককে। জুলস*-ই হলেন ২০২৬ সালের উইকিমিডিয়ান অব দ্য ইয়ার—দীর্ঘদিনের একজন সম্পাদক, যাঁর ওপর সহসম্পাদকরা বিশ্বস্ততার সঙ্গে উইকিপিডিয়ার মান ও নির্ভরযোগ্যতা রক্ষার দায়িত্ব অর্পণ করেছেন এবং যিনি বিশ্বকোষটির সততা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় স্থায়ী অবদান রেখেছেন।

জুলস ২০১০ সালে নিজের জন্মশহর এবং প্রিয় একটি টেলিভিশন ধারাবাহিক নিয়ে নিবন্ধ সম্পাদনার মাধ্যমে উইকিপিডিয়ায় যাত্রা শুরু করেন। তাঁর ভাষায়, সেই প্রথম দিকের সম্পাদনাগুলো ছিল কিছুটা “আনাড়ি”। তবে অন্যান্য সম্পাদকদের আন্তরিক উৎসাহ ও সহযোগিতা তাঁকে থেকে যেতে অনুপ্রাণিত করে। আজ পর্যন্ত তিনি প্রায় চার লক্ষ সম্পাদনা করেছেন।

সম্পাদনা শুরু করার প্রায় এক বছর পরই সম্প্রদায় তাঁকে অতিরিক্ত ব্যবহারকারী অধিকার প্রদান করে। এসব বিশেষ সরঞ্জামের মাধ্যমে অভিজ্ঞ সম্পাদকরা উইকিপিডিয়ার মান, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্ভরযোগ্য, নিরপেক্ষ এবং যাচাইযোগ্য জ্ঞান নিশ্চিত করার উইকিপিডিয়ার মূল নীতির প্রতি গভীর বিশ্বাস থেকেই জুলস প্রকল্প রক্ষণাবেক্ষণে সক্রিয়ভাবে যুক্ত হন। তাঁর সময়ের বড় একটি অংশ ব্যয় হয় ভাঙচুরমূলক সম্পাদনা প্রতিহত করা, নতুন অবদান উন্নত করা, নতুন সম্পাদকদের সহায়তা করা, অপ্রকাশিত পারিশ্রমিকভিত্তিক সম্পাদনা শনাক্ত ও মোকাবিলা করা এবং সম্প্রদায়ের বিভিন্ন সহায়তার অনুরোধে সাড়া দেওয়ার কাজে।

একজন নিবন্ধ রচয়িতা হিসেবে জুলস মূলত জলবায়ু পরিবর্তন বিষয়ক নিবন্ধ নিয়ে কাজ করেন। একজন প্রকৃত উইকিমিডিয়ানের মতোই তিনি প্রতিটি নিবন্ধ তৈরির আগে উচ্চমানের তথ্যসূত্র সংগ্রহ করেন এবং প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করেন। একটি নিবন্ধ লিখতে তাঁর কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। বিশেষ করে IPCC Sixth Assessment Report এবং Charney Report বিষয়ক তাঁর নিবন্ধগুলো নিয়ে তিনি সবচেয়ে বেশি গর্বিত।

জুলসের ভাষায়, তাঁর সবচেয়ে বড় আনন্দ হলো, “নিজের চেয়েও বড়—আসলে আমাদের সবার চেয়েও বড়—একটি উদ্যোগের অংশ হতে পারা; এমন একটি উদ্যোগ, যার লক্ষ্য সবার জন্য জ্ঞানের দ্বার উন্মুক্ত করা। আমার কাছে এটি মানবশান্তি ও কল্যাণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।”

অবশ্য জীবন শুধু উইকিপিডিয়াতেই সীমাবদ্ধ নয়। অবসর সময়ে তিনি পাহাড়ে হাঁটতে (হাইকিং) ভালোবাসেন এবং ট্রেনের প্রতিও তাঁর গভীর আগ্রহ রয়েছে। মজার বিষয় হলো, তিনি একসময় ট্রেনও চালিয়েছেন!

জুলসকে আন্তরিক অভিনন্দন এবং মুক্ত জ্ঞান আন্দোলনে তাঁর অসাধারণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

উইকিমিডিয়া লরিয়েট: ড্রিমিশেড (Dreamyshade)

এ বছর উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি। তাই আমরা এমন একজন উইকিমিডিয়ানকে সম্মান জানাতে চেয়েছি, যিনি প্রায় শুরু থেকেই এই যাত্রার অংশ। ড্রিমিশেড ২০০১ সালেই—যে বছর উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়—সম্পাদনা শুরু করেন এবং সেই থেকে নিরবচ্ছিন্নভাবে একজন নিবেদিতপ্রাণ সম্পাদক হিসেবে অবদান রেখে চলেছেন।

শুরুর দিকে উইকিপিডিয়া ছিল পড়াশোনার ফাঁকে সময় কাটানোর একটি আনন্দদায়ক ও ফলপ্রসূ উপায়। কিন্তু ধীরে ধীরে এটি ড্রিমিশেডের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বর্তমানে শুধু ইংরেজি উইকিপিডিয়াতেই তাঁর সম্পাদনার সংখ্যা ১৩,৫০০-এরও বেশি। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে বহু নতুন উইকিমিডিয়ানকে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।

তাঁর কাজের মূল লক্ষ্য হলো গুণগত মান উন্নয়ন। তিনি এমন নিবন্ধ খুঁজে বের করতে পছন্দ করেন যেগুলোর মান উন্নতির প্রয়োজন, সেগুলো সংশোধন করে আরও উন্নত করেন এবং এরপর পরবর্তী নিবন্ধে এগিয়ে যান। তিনি বিশেষভাবে যাচাইযোগ্যতা (verifiability)-কে গুরুত্ব দেন এবং এমন ভুয়া তথ্যসূত্র শনাক্ত করতে দক্ষ, যেগুলো নিজেদের নির্ভরযোগ্য হিসেবে উপস্থাপন করলেও প্রকৃতপক্ষে তা নয়।

অনেক উইকিপিডিয়ানের মতোই তাঁর যাত্রার সূচনা হয়েছিল একটি অনুপস্থিতি লক্ষ্য করার মাধ্যমে। তরুণ বয়সে একজন উদীয়মান হার্পবাদক হিসেবে তিনি হার্প বাদ্যযন্ত্র নিয়ে একটি নিবন্ধ খুঁজছিলেন। নিবন্ধটি না পেয়ে তিনি নিজেই সেটি লিখে ফেলেন। তাঁর প্রথম দিকের অন্যান্য নিবন্ধের মধ্যে ছিল একটি ব্রাউজার গেম এবং কয়েকটি বয় ব্যান্ড সম্পর্কিত নিবন্ধ। সে সময় অন্যান্য সম্পাদকরা তাঁর বয়সের কারণে তাঁকে অবমূল্যায়ন না করে বরং তাঁর কাজকে গুরুত্ব দিয়েছিলেন—এই অভিজ্ঞতাকে তিনি আজও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।

গত ২৫ বছরে প্রায় প্রতিটি মাসেই তিনি উইকিপিডিয়ায় সম্পাদনা করেছেন। তবুও তাঁর বিশ্বাস, তাঁর সেরা কাজ এখনো সামনে অপেক্ষা করছে। তাঁর ভাষায়, “আমার সত্যিই মনে হয়, আমার সেরা কাজ এখনো বাকি।”

ড্রিমিশেডের কাছে উইকিপিডিয়া আনন্দ ও অর্থপূর্ণতার এক গুরুত্বপূর্ণ উৎস। তিনি বলেন, “প্রতিটি অবদানের মাধ্যমে আমি প্রমাণ করতে সাহায্য করি যে এই গভীরভাবে মানবিক, সহযোগিতামূলক, নিঃস্বার্থ, বৈশ্বিক এবং অলাভজনক প্রকল্পটির কতটা মূল্য রয়েছে। আমি অন্য কৌতূহলী মানুষদের নতুন কিছু শিখতে সাহায্য করি। এমন একটি উদ্যোগের অংশ হতে পারি, যা একই সঙ্গে নমনীয়, অর্থবহ, আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং।”

নতুন অবদানকারীদের জন্য তাঁর পরামর্শও খুবই সহজ—দীর্ঘমেয়াদে অবদান রাখুন, বিভিন্নভাবে অবদান রাখার চেষ্টা করুন এবং প্রয়োজন হলে কিছুদিন বিরতি নিয়ে আবার ফিরে আসুন। তিনি সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত থাকার গুরুত্বও তুলে ধরেন। তাঁর কথায়, “উইকিমিডিয়া আন্দোলনের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন—সম্ভব হলে সরাসরি দেখা করে। তাতে হয়তো আপনি নতুনভাবে অবদান রাখার অনুপ্রেরণা খুঁজে পাবেন।”

মুক্ত জ্ঞান আন্দোলনে আপনার দীর্ঘ ২৫ বছরের নিষ্ঠা, অধ্যবসায় এবং অনন্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ, ড্রিমিশেড। আগামী ২৫ বছরেও আপনার এই অনুপ্রেরণাদায়ক যাত্রা অব্যাহত থাকুক।

উইকিমিডিয়া লরিয়েট ২০২৬: বারকিপ৪৯ (Barkeep49)

Barkeep49 হলেন ২০২৬ সালের উইকিমিডিয়া লরিয়েট। তিনি ইংরেজি উইকিপিডিয়ার একজন অভিজ্ঞ সম্পাদক, যাঁর ওপর সম্প্রদায় একাধিক উন্নত ব্যবহারকারী অধিকার (advanced user rights) অর্পণ করেছে। পাশাপাশি, উইকিমিডিয়া আন্দোলনকে আরও নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে তাঁর অবদান দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব ফেলেছে। তিনি এমন নীতিমালা ও প্রক্রিয়া নিয়ে কাজ করেন, যা নিশ্চিত করে যে উইকিপিডিয়া এমন একটি জায়গা, যেখানে সবাই নিরাপদ বোধ করতে পারেন। একই সঙ্গে তিনি অন্য সম্পাদকদেরও প্রকল্পে আরও দায়িত্বশীল ও উন্নত ভূমিকা গ্রহণে উৎসাহিত করেন। এর পাশাপাশি তিনি ৪০,০০০-এরও বেশি সম্পাদনা করেছেন এবং অসংখ্য ভালো নিবন্ধ (Good Articles)নির্বাচিত তালিকা (Featured Lists) তৈরি ও উন্নত করে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করেছেন।

Barkeep49-এর কাজ উইকিপিডিয়ার মূল আদর্শেরই প্রতিফলন—সবার জন্য উন্মুক্ত, নির্ভরযোগ্য জ্ঞান এবং একটি সহযোগিতাপূর্ণ ও সহায়ক সম্প্রদায়।

তাঁর উইকিপিডিয়া-যাত্রার শুরুটিও ছিল বেশ ব্যতিক্রমী। ২০১৮ সালে তিনি সদ্য দেখা এক কৌতুকাভিনেতার জীবনী নিবন্ধ পড়ছিলেন। সেখানে তিনি আত্মপ্রচারণামূলক কিছু লেখা দেখতে পান এবং সেগুলো অপসারণের সিদ্ধান্ত নেন। সেই একটি সম্পাদনার মাধ্যমেই ২০০৫ সাল থেকে নিষ্ক্রিয় থাকা তাঁর পুরোনো উইকিপিডিয়া অ্যাকাউন্ট আবার সক্রিয় হয়ে ওঠে। উচ্চমানের ও নির্ভরযোগ্য তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার উইকিপিডিয়ার লক্ষ্য তাঁর ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে তাঁকে দীর্ঘদিন ধরে যুক্ত রেখেছে এই আন্দোলনের মানুষগুলো। তাঁর ভাষায়, “অভিজ্ঞ সম্পাদকদের কাছ থেকে যেমন সাহায্য পেয়েছি, তেমনি—বরং আরও গুরুত্বপূর্ণভাবে—এমন একদল সহযাত্রীর সঙ্গ পেয়েছি, যারা সবাই মিলে এই প্রকল্পে নিজেদের পথ খুঁজে নিচ্ছিল।” সময়ের সঙ্গে তাঁর কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত হলেও সম্প্রদায়ের সঙ্গে সেই বন্ধন কখনোই শিথিল হয়নি। তিনি বলেন, “সহকর্মী উইকিমিডিয়ানদের সঙ্গে কাজ করে আমি অসীম আনন্দ পাই। তাদের কাছ থেকে নিয়মিত নতুন কিছু শিখি, তারা আমাকে নতুনভাবে ভাবতে উৎসাহিত করেন এবং নানা উপায়ে ও বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে আমি সৌভাগ্য বলে মনে করি।”

উইকিমিডিয়া সম্প্রদায়ে Barkeep49 বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইংরেজি উইকিপিডিয়ার একজন প্রশাসক (Administrator), ইংরেজি উইকিপিডিয়ার Arbitration Committee-এর (বিরোধ নিষ্পত্তি কমিটি) সদস্য এবং পুরো উইকিমিডিয়া আন্দোলনে সম্মানজনক ও নিরাপদ সহযোগিতার মানদণ্ড হিসেবে Universal Code of Conduct (UCoC) গ্রহণের অন্যতম সমর্থক।

তবে এতসব ভূমিকার পরও তিনি নিজেকে প্রথমত একজন বিষয়বস্তু সম্পাদক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর বিশেষ আগ্রহ যুক্তরাষ্ট্রের শিশু সাহিত্য। তাঁর প্রিয় কাজগুলোর একটি হলো Black and White বইটির ওপর লেখা উইকিপিডিয়া নিবন্ধ। শৈশবে বইটি তাঁর খুব প্রিয় ছিল, আর পরবর্তীকালে উইকিপিডিয়া সম্পাদক হিসেবে তিনি সেটি নিয়ে আবার কাজ করেন। এ অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “প্রাপ্তবয়স্ক হিসেবে বইটিতে আবার ফিরে আসা ছিল দারুণ আনন্দের। শুধু একাডেমিক সাহিত্য পড়াই নয়, বরং কীভাবে এই পথপ্রদর্শক উত্তর-আধুনিক চিত্রগ্রন্থটি নিয়ে এমনভাবে লেখা যায়, যাতে উইকিপিডিয়ার মৌলিক নীতি—যেমন মৌলিক গবেষণা নয়—লঙ্ঘিত না হয়, সেটিও ছিল একটি চমৎকার অভিজ্ঞতা।”

অবশ্য তাঁর জীবন শুধু উইকিপিডিয়াতেই সীমাবদ্ধ নয়। অবসর সময়ে তিনি বই পড়তে, সিনেমা দেখতে এবং বেকিং করতে ভালোবাসেন। মজা করে তিনি বলেন, “কেউ যদি সুন্দরভাবে অনুরোধ করেন, তাহলে হয়তো আমি আমার দারুণ কলার রুটি (banana bread) আর নিজের তৈরি ওটমিল চকলেট চিপ কুকির রেসিপিও শেয়ার করব!”

কমিউনিটি কানেক্টর ২০২৬: ক্লড (Chlod)

নতুন প্রবর্তিত কমিউনিটি কানেক্টর পুরস্কারটি এমন একজন উইকিমিডিয়ানকে সম্মান জানায়, যিনি মানুষকে একত্রিত করেন এবং উইকিমিডিয়া সম্প্রদায়কে আরও শক্তিশালী করে তোলেন। এই বিভাগের প্রথম পুরস্কারপ্রাপ্ত হলেন ফিলিপাইনের তরুণ শিক্ষার্থী ক্লড আলেহান্দ্রো (Chlod Alejandro)। একই সঙ্গে তিনি উইকিমিডিয়ান অব দ্য ইয়ার পুরস্কারের ইতিহাসে সম্মাননা পাওয়া প্রথম ফিলিপিনো।

উইকিমিডিয়া আন্দোলনে ক্লডের অবদান বহুমাত্রিক। তিনি ইংরেজি উইকিপিডিয়ার একজন সক্রিয় সম্পাদক, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে একজন দক্ষ অবদানকারী এবং বহু উপযোগী টুল ও স্ক্রিপ্টের নির্মাতা, যা অন্যান্য উইকিমিডিয়ানদের কাজকে সহজ করে তুলেছে। একই সঙ্গে তিনি পূর্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (ESEAP) একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যেখানে তিনি পরবর্তী প্রজন্মের উইকিমিডিয়ানদের একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ক্লডের কাজের মূল শক্তি হলো সংযোগ তৈরি করা। তিনি মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করেন, উইকিমিডিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলেন এবং সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে একজন উইকিমিডিয়ান হিসেবে কাজ করার আনন্দকে একসূত্রে গেঁথে দেন।

ইংরেজি উইকিপিডিয়াকেই ক্লড তাঁর “নিজের ঘর” বলে মনে করেন। এখানেই তাঁর সম্পাদনার যাত্রা শুরু, এবং এখানেই তিনি সবচেয়ে বেশি অবদান রাখেন। বিশেষ করে ভিডিও গেম–সম্পর্কিত নিবন্ধ পড়তে পড়তে যদি আপনি উইকিপিডিয়ার গভীরে চলে যান, তাহলে খুব সম্ভবত তাঁর লেখা কোনো নিবন্ধের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। সফটওয়্যার প্রোগ্রামিং তাঁর অন্যতম শখ। সেই আগ্রহ থেকেই তিনি উইকিমিডিয়ার প্রযুক্তিগত সম্প্রদায়ে গভীরভাবে যুক্ত। তিনি এমন অনেক টুল ও স্ক্রিপ্ট তৈরি করেছেন, যা উইকিমিডিয়ানদের রক্ষণাবেক্ষণমূলক কাজে সহায়তা করে। যাঁরা তাঁর শুরুর দিনে তাঁকে পথ দেখিয়েছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নিজেও নতুন অবদানকারীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে থাকেন। এর পাশাপাশি তিনি তাঁর প্রিয় ESEAP সম্প্রদায়ে একজন সংগঠক হিসেবে বিভিন্ন প্রকল্প, অনুষ্ঠান এবং উইকিপিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের আয়োজনেও সক্রিয় ভূমিকা পালন করেন। সম্প্রতি তিনি তরুণ উইকিমিডিয়ানদের একটি শক্তিশালী সম্প্রদায় গড়ে তোলার অন্যতম উদ্যোগী ব্যক্তিতে পরিণত হয়েছেন, যারা ভবিষ্যতে উইকিমিডিয়া আন্দোলনের নেতৃত্ব দেবে। উইকিমিডিয়ার বাইরেও ক্লডের আরেকটি পরিচয় রয়েছে। সংগীতপ্রেমী একটি পরিবারে বেড়ে ওঠা ক্লড নিজেও একজন আগ্রহী গায়ক। উইকিমিডিয়া সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় সামাজিক ঐতিহ্য কারাওকে আসরেও তাঁর প্রাণবন্ত পরিবেশনা বেশ পরিচিত।

তাঁর এত বিচিত্র অবদানের কারণে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ—এই প্রশ্নের উত্তর দেওয়াই তাঁর জন্য কঠিন। তিনি বলেন, “আমি নিবন্ধ লিখি, টুল তৈরি করি এবং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কাজ করি। তাই এর মধ্যে কোনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলব, তা নির্ধারণ করা কঠিন। কারণ এই সবকিছু মিলেই উইকিমিডিয়া আন্দোলনের চাকা সচল থাকে। যদি কোনো একটি বিষয়কে আমার প্রধান অবদান বলতে হয়, তাহলে আমি বলব—আমি নিজের মতো থাকার চেষ্টা করেছি এবং এমন একটি ক্ষেত্র খুঁজে নিয়েছি, যেখানে আমি সেরাটা দিতে পারি। আমাদের প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে, আর সেই শক্তিকে উইকিমিডিয়া আন্দোলনের কল্যাণে কাজে লাগানোই আমাদের দায়িত্ব।”

তাঁর সব কাজের মধ্যেই একটি বিষয় অপরিবর্তিত—উইকিমিডিয়ার লক্ষ্য ও আদর্শের প্রতি গভীর অঙ্গীকার। ক্লডের ভাষায়, “উইকিপিডিয়া এবং পুরো উইকিমিডিয়া আন্দোলন মানবজাতির দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও সম্মিলিত চেতনার এক অনন্য উদাহরণ। আমরা একসঙ্গে কাজ করলে কী অর্জন করতে পারি, তার প্রমাণ এটি। ‘সমস্ত মানবজাতির জ্ঞানের সমষ্টি’ গড়ে তোলার এই লক্ষ্য নিয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষকে একসঙ্গে কাজ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এটি বর্তমান ও ভবিষ্যৎ—উভয় প্রজন্মের জন্য মানবজাতির প্রতি আমাদের উপহার। আত্মপ্রশংসা করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস, মানবতার জন্য এর চেয়ে বড় উপহার খুব কমই হতে পারে।”

সম্মানসূচক উল্লেখ: মারি আভেতিসিয়ান (Mari Avetisyan)

২০১৮ সালে যখন মারি আভেতিসিয়ান প্রথম উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করেন, তখন তিনি নিশ্চিত ছিলেন না যে এই সম্প্রদায়ে তিনি নিজের জায়গা খুঁজে পাবেন কি না। কিন্তু সেখানে তিনি খুঁজে পান বন্ধু, একটি আন্তরিক সম্প্রদায় এবং গভীর এক আপনত্বের অনুভূতি। আজ তিনি নিজেই মধ্য ও পূর্ব ইউরোপজুড়ে নতুন প্রজন্মের তরুণ উইকিপিডিয়ানদের জন্য সেই একই আপনত্বের পরিবেশ গড়ে তুলছেন। এ বছর সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি উইকিমিডিয়ান অব দ্য ইয়ার ২০২৬-এর সম্মানসূচক উল্লেখ (Honorary Mention) অর্জন করেছেন।

মারির যাত্রার শুরু ২০১৮ সালে। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সে সময় তিনি আর্মেনিয়ায় অনুষ্ঠিত Youth WikiCamp-এ অংশ নেন। তাঁর উদ্দেশ্য ছিল উইকিপিডিয়া কীভাবে কাজ করে তা শেখা এবং কীভাবে শুধু ইংরেজিতে নয়, নিজের মাতৃভাষাতেও নির্ভরযোগ্য জ্ঞান সবার জন্য সহজলভ্য করা যায়, তা জানা।

নিজেকে অন্তর্মুখী ও লাজুক মানুষ হিসেবে বর্ণনা করে মারি বলেন, শুরুতে তিনি ভাবতেন উইকিক্যাম্পের অন্যদের সঙ্গে হয়তো তিনি সহজে মিশতে পারবেন না। “আমার মনে হয়েছিল, আমি হয়তো দলের সঙ্গে মানিয়ে নিতে পারব না এবং নিজেকে একা মনে হবে।”

কিন্তু সম্পাদনা কর্মশালা, বোর্ড গেম এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তিনি এমন কিছু বন্ধুর দেখা পান, যাদের সঙ্গে আজও তাঁর যোগাযোগ রয়েছে। একই সঙ্গে তিনি এমন একটি সম্প্রদায় খুঁজে পান, যা তাঁর কাছে দ্বিতীয় বাড়িতে পরিণত হয়। “আর্মেনিয়ান উইকিমিডিয়া সম্প্রদায়ে যোগ দেওয়ার পরই জীবনে প্রথমবারের মতো আমি সত্যিকারের কোথাও নিজের অন্তর্ভুক্তির অনুভূতি পেয়েছিলাম।”

আজ মারিই অন্যদের জন্য সেই অন্তর্ভুক্তির পরিবেশ তৈরি করছেন। তিনি CEE Youth-এর অন্যতম সক্রিয় সদস্য। এই দলটি মধ্য ও পূর্ব ইউরোপের তরুণ উইকিমিডিয়ানদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক শেখা এবং নেতৃত্ব বিকাশে কাজ করে। গত বছর অনুষ্ঠিত CEE Youth Meeting আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি একটি Learning Exchange Program তৈরি করছেন, যার মাধ্যমে তিনি স্লোভেনিয়ার উইকিমিডিয়া সম্প্রদায়কে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

তাঁর সবচেয়ে বড় আনন্দ নতুন তরুণদের এই আন্দোলনে যুক্ত হতে দেখা। “এরাই আমাদের আন্দোলনের আগামী দিনের নেতা, প্রশিক্ষক ও সংগঠক। আমি তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিই এবং একজন পথপ্রদর্শকের ভূমিকা পালন করি, যাতে তারা কখনোই নিজেকে একা বা দিকহারা মনে না করে।”

আর্মেনিয়ায় উইকিমিডিয়া আন্দোলনের বিকাশ মারিকে গর্বিত করে। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, ছোট সম্প্রদায়গুলোকেও আরও দৃশ্যমান করে তোলা জরুরি। “আমার বিশ্বাস, ছোট উইকিমিডিয়া সম্প্রদায়গুলোর দৃশ্যমানতা বাড়ানো গেলে সহযোগিতা, পারস্পরিক শেখা এবং বিকাশের আরও বেশি সুযোগ তৈরি হয়।”

উইকিপিডিয়া, উইকিডাটা বা উইকিমিডিয়া কমন্সে সম্পাদনার বাইরে মারির সময় কাটে বিভিন্ন ভাষার বই পড়ে, আর্মেনিয়ার পাহাড়-পর্বতে হাইকিং করে, মৃৎশিল্প চর্চা করে, ব্যাডমিন্টন খেলে কিংবা—একজন সত্যিকারের উইকিমিডিয়ানের মতো—বিভিন্ন শব্দের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে জানতে।

সম্মানসূচক উল্লেখ: হিজিরি (Hijiri)

এ বছর উইকিপিডিয়া তার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। এই উপলক্ষে আমরা শুধু একটি বিশ্বকোষের নয়, বরং সেই মানুষ ও সম্প্রদায়গুলোর অবদানও উদ্‌যাপন করছি, যাদের নিরলস প্রচেষ্টায় উইকিপিডিয়া আজ সত্যিকার অর্থেই একটি বৈশ্বিক ও বহুভাষিক জ্ঞানভান্ডারে পরিণত হয়েছে। এ বছরের সম্মানসূচক উল্লেখ (Honorary Mention) প্রদান করা হয়েছে হিজিরি উমেমোতোকে, যিনি জাপানি উইকিপিডিয়ার প্রথম দিককার সম্পাদকদের একজন। তাঁকে সম্মান জানানোর মাধ্যমে আমরা জাপানি উইকিপিডিয়া সম্প্রদায়ের গত ২৫ বছরের যাত্রাকেও উদ্‌যাপন করছি—যে যাত্রা জাপানি উইকিপিডিয়াকে আজ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পঠিত উইকিপিডিয়ায় পরিণত করেছে।

হিজিরি জাপানি উইকিপিডিয়ার প্রথম নিবন্ধিত ব্যবহারকারীদের একজন। তাঁর ব্যবহারকারী নম্বর (User ID) ছিল । সফটওয়্যারে জাপানি লিপি ব্যবহারের সুবিধা যুক্ত হওয়ার পরপরই তিনি সম্পাদনা শুরু করেন। (শুরুর দিকে কেবল রোমান হরফে লেখা জাপানি ব্যবহার করা যেত।) খুব অল্প সময়ের মধ্যেই তিনি মূল নিবন্ধ নামস্থান (mainspace)-এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে যুক্ত হন এবং অসংখ্য প্রাথমিক সংক্ষিপ্ত নিবন্ধ বা স্টাব (stub) তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর ধারণা, তিনিই সম্ভবত প্রথম ব্যক্তি যিনি জাপানি লিপিতে একটি উইকি নিবন্ধ লিখেছিলেন। যদিও তাঁর সম্পাদনার সংখ্যা তুলনামূলকভাবে বেশি নয়, তবুও তিনি সম্ভবত এখনো সক্রিয় থাকা সবচেয়ে প্রাচীন সম্পাদক।

২০০১ সালে জার্মান, কাতালান, আরবি, চীনা, ফরাসি ও এস্পেরান্তো উইকিপিডিয়ার পথিকৃৎদের মতো তিনিও কল্পনা করতে পারেননি যে, তাঁদের সেই ছোট্ট উদ্যোগ একদিন বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞানভান্ডার এবং ইন্টারনেটের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হবে।

বছরের পর বছর ধরে তিনি নিজের সম্প্রদায়ের বিকাশ এবং নতুন প্রজন্মের উইকিমিডিয়ানদের যুক্ত হতে দেখেছেন। সেই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “প্রকল্পটি যখন প্রতিষ্ঠাতাদের গণ্ডি পেরিয়ে নিজস্ব গতিতে এগিয়ে চলতে শুরু করল, সেটি আমার কাছে গভীর গর্বের বিষয় ছিল। এর অর্থ হলো, প্রকল্পটি এখন কোনো একক ব্যক্তির চেয়েও বড় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

হিজিরির কাছে উইকিপিডিয়া এমন একটি স্থান হওয়া উচিত, যেখানে নতুন অবদানকারীরা আন্তরিকভাবে স্বাগত বোধ করেন। তিনি বলেন, “আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে নতুন অবদানকারীরাই উইকিপিডিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। তারাই ভবিষ্যতে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবে। তাই তারা ধৈর্য, উৎসাহ এবং সম্মান পাওয়ার যোগ্য।”

তিনি অভিজ্ঞ সম্পাদকদের নতুনদের প্রতি সহানুভূতিশীল হতে আহ্বান জানান এবং নতুনদের ভুল করতে ভয় না পেয়ে সাহসের সঙ্গে সম্পাদনা শুরু করার উৎসাহ দেন। তাঁর ভাষায়, “উইকিপিডিয়া সবসময়ই এমন সাধারণ মানুষের হাত ধরে গড়ে উঠেছে, যারা একে অপরের কাছ থেকে শিখেছে। আমি আশা করি, আমরা কখনোই সেই চেতনাকে হারাব না।”

উইকিপিডিয়ার বাইরে হিজিরির আরেকটি বড় আগ্রহ হলো অ্যামেচার রেডিও (হ্যাম রেডিও)। তিনি চারটি ভিন্ন দেশের হ্যাম রেডিও লাইসেন্সের অধিকারী। হাস্যরসের সঙ্গেই তিনি সহকর্মী উইকিমিডিয়ানদের উদ্দেশে বলেন, “আশা করি, কোনো একদিন রেডিও তরঙ্গে আপনাদের কারও সঙ্গে আমার যোগাযোগ হবে!”


উইকিমিডিয়া আন্দোলনকে সম্ভব করে তুলেছেন এমন বিশ্বের সব স্বেচ্ছাসেবীকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে এ বছরের উইকিমিডিয়ান অব দ্য ইয়ার পুরস্কারপ্রাপ্তদের জানাই আন্তরিক অভিনন্দন। আসুন, আমরা শুধু আজই নয়, পুরো বছরজুড়েই তাঁদের অবদান উদ্‌যাপন করি এবং মুক্ত জ্ঞান আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে তাঁদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করি।

Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?