উইকিকনফারেন্স ইন্ডিয়ার ঠিকআগ মুহূর্তে কোচিতে দক্ষিণ এশিয়ার মৌখিক জ্ঞান সংরক্ষণের নেটওয়ার্ক ‘Archiving the Present’-এর যাত্রা শুরু

Translate this post

৩ সেপ্টেম্বর, আমরা ৩৭ জন একত্রিত হচ্ছি আমাদের সম্প্রদায়ের গল্প, কণ্ঠস্বর ও জ্ঞান কীভাবে আরও ভালোভাবে নথিবদ্ধ ও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তা একে অপরের কাছ থেকে শেখার জন্য। অংশগ্রহণকারীদের অধিকাংশই তিন মাসের বেশি সময় ধরে অনলাইনে একসঙ্গে শিখেছেন; এবার তারা প্রথমবার সরাসরি মিলিত হচ্ছেন।

এই দিনেই OpenSpeaks ও সহযোগী সংগঠনগুলো চালু করছে Archiving the Present—স্থানীয় ভাষার মৌখিক জ্ঞান নথিবদ্ধ ও সংরক্ষণের জন্য একটি কমিউনিটি নেটওয়ার্ক, নির্দেশিকা এবং বিনামূল্যের কোর্স। এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভাষা ও মৌখিক জ্ঞান সংরক্ষণে ভাষা নথিবদ্ধকারী, আর্কাইভবিদ, স্থানীয় সম্প্রদায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে একত্রিত করবে।

এর মূল বিশ্বাস হলো—মৌখিক জ্ঞানও মানবজ্ঞান এবং লিখিত জ্ঞানের সমান মর্যাদা পাওয়ার যোগ্য। তাই এই জ্ঞানের ধারক ও বাহকদের ন্যায্য স্বীকৃতি ও মূল্য নিশ্চিত করাও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

সূচনা: অনলাইন কর্মশালা থেকে

১৮ মে থেকে ২৪ আগস্ট পর্যন্ত OpenSpeaks, Adivasi Lives Matter, People’s Archive of Rural India, Whose Knowledge?, Endangered Languages Project, Open Knowledge Initiatives-IITH, Endangered Languages Archive, FOSS United এবং Rising Voices-এর সহযোগিতায় আটটি অনলাইন অধিবেশন পরিচালনা করে। এই অধিবেশনগুলোতে একটি ভাষা বা জ্ঞান নথিবদ্ধকরণ প্রকল্প কীভাবে পরিকল্পনা করতে হয়, সম্মতি ও পারিশ্রমিকের বিষয়গুলো কীভাবে পরিচালনা করতে হয়, কীভাবে পরিষ্কার অডিও ও ভিডিও ধারণ করতে হয়, ফাইল ও মেটাডেটা কীভাবে ব্যবস্থাপনা করতে হয় এবং আর্কাইভ ও উইকিমিডিয়া প্রকল্পে কীভাবে বিষয়বস্তু প্রকাশ করা যায়—এসব বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এই ধরনের কাজের জন্য অর্থায়ন সংগ্রহের উপায় নিয়েও আলোচনা করা হয়। মে মাসে আমরা এই কর্মসূচির জন্য আবেদন আহ্বান করি। তিনটি মহাদেশের ১৪টি দেশ থেকে মোট ১০১ জন আবেদন করেন। আবেদনকারীরা ইতোমধ্যে বিভিন্ন ভাষা নথিবদ্ধ করছেন অথবা ভবিষ্যতে নথিবদ্ধ করার পরিকল্পনা করছেন। তাদের কাজ ও পরিকল্পনার আওতায় রয়েছে প্রায় ১১৫টি ভাষা। আবেদনকারীদের মধ্যে শুধু ভারত থেকেই ছিলেন ৬৫ জন, যারা দেশটির ১৭টি রাজ্য থেকে অংশগ্রহণ করেছেন।

পূর্ববর্তী সম্প্রদায়ভিত্তিক অভিজ্ঞতা এবং নির্বাচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে সাতটি দেশের ২০ জন রিসোর্স পারসন এসব অধিবেশন পরিচালনা করেন। ভাষা নথিবদ্ধকরণে সম্মতি, অধিকার ও স্বীকৃতির গুরুত্ব নিয়ে এ বছরের শুরুতে আমাদের সঙ্গে কথা বলা ভান গুজ্জারি লেখক তৌকির আলম এই বিষয়েই একটি অধিবেশন পরিচালনা করেন। গণেশ বিরুয়া এবং অঞ্জু কুমারী গাগরাই তাদের নিজস্ব হো ভাষা নিয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ দেন। ওপিনো গোমাঙ্গো তার লাঞ্জিয়া-সোরা ও জুরাই ভাষা নিয়ে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন। দীপক কুমার বেসরা এবং রামজিৎ টুডু সাঁওতালি ভাষা নিয়ে তাদের কাজের ভিত্তিতে অধিবেশন পরিচালনা করেন। অমৃত সুফি অঙ্গিকা ভাষা নিয়ে এবং মিথিলেশ বারাইলি কামি–দামাই–সার্কি–গান্ধার্ব–বাদি ভাষাগুচ্ছ নিয়ে তাদের অভিজ্ঞতা ও কাজের ভিত্তিতে প্রশিক্ষণ দেন।

ম্যানুয়াল ও WikiLearn কোর্স

এই অধিবেশনগুলো থেকেই তৈরি হয়েছে Archiving the Present: A Community Guide to Archiving Languages, Memories, and Knowledges শীর্ষক একটি ফিল্ড ম্যানুয়াল। প্রতিটি রিসোর্স পারসন অধিবেশনে বাস্তবে যা শিখিয়েছেন, তা মডিউল ধরে ধরে এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটি Simple English-এ লেখা, যাতে ইংরেজি যাদের তৃতীয় বা চতুর্থ ভাষা, তারাও সহজে পড়তে পারেন। ভাষা নির্বাচনের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৈরি হওয়া এ ধরনের ম্যানুয়ালগুলোর মধ্যে এটি অন্যতম—সম্ভবত প্রথমদিকের একটি। প্রায় ২০ জন প্রশিক্ষক ও তিনজন সম্পাদক যৌথভাবে বইটি তৈরি করেছেন।

একই ম্যানুয়ালকে আমরা WikiLearn-এ একটি বিনামূল্যের সার্টিফিকেশন কোর্সে রূপ দিয়েছি। ফলে লাইভ অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও যে কেউ নিজের সুবিধামতো সময়ে কোর্সটি সম্পন্ন করে শিখতে এবং একটি সার্টিফিকেট অর্জন করতে পারবেন।

কোচিতে কর্মশালা

অনলাইন কর্মশাপ থেকে অর্জিত অভিজ্ঞতা এবং ম্যানুয়াল তৈরির কাজের ভিত্তিতে ২০ জন রিসোর্স পারসনের মধ্যে ১২ জনকে নিয়ে কোচিতে একটি সরাসরি কর্মশালার আয়োজন করা হচ্ছে। দিনব্যাপী এই কর্মশালায় ৪০ জন কমিউনিটি ডকুমেন্টার, আর্কাইভিস্ট, সহযোগী ও রিসোর্স পারসন অংশ নেবেন। এর মাধ্যমে তারা পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করবেন।

কর্মশালায় রেকর্ডিংয়ের ব্যবহারিক কৌশল, সম্মতি ও ন্যায্য পারিশ্রমিক, ফাইল ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে শেখানো হবে। পাশাপাশি প্রতিটি ডকুমেন্টার তাদের নিজস্ব কাজ ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বরের পর এই দল কীভাবে কাজ করবে, কর্মশালায় অংশগ্রহণকারীরা তা যৌথভাবে নির্ধারণ করবেন। অর্থাৎ, কর্মশালার নির্ধারিত সময়সূচি শেষ হওয়ার পরও কীভাবে এই নেটওয়ার্ক সক্রিয় থাকবে এবং ভাষা নথিবদ্ধকরণ ও আর্কাইভিংয়ে ধারাবাহিকভাবে কাজ করবে, সে বিষয়েও তারা একটি যৌথ পরিকল্পনা তৈরি করবেন।

নেটওয়ার্ক

উদীয়মান Archiving the Present নেটওয়ার্ক এখন পর্যন্ত এই কর্মসূচিকে গড়ে তোলা বিভিন্ন সম্প্রদায়ের ভাষা নথিবদ্ধকারী ও আর্কাইভিস্টদের একত্র করবে এবং সময়ের সঙ্গে আরও মানুষকে এতে যুক্ত করবে। অধিকাংশ অংশগ্রহণকারী অর্থায়নের অভাবকে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। রেকর্ডিং, সরঞ্জাম কেনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া এবং নথিবদ্ধ করা মিডিয়া সংরক্ষণের জন্য অর্থায়ন প্রয়োজন। এ ধরনের একটি নেটওয়ার্ক বিভিন্নভাবে সহায়তা করতে পারে—দাতাদের আমন্ত্রণ জানিয়ে আসন্ন অনুদানের সুযোগ সম্পর্কে তথ্য ও পরামর্শ বিনিময়, সম্প্রদায় ও ব্যক্তিদের ক্ষুদ্র অনুদানের (microgrant) সঙ্গে যুক্ত করা এবং অনুদানের প্রস্তাব (grant proposal) তৈরিতে সহায়তা করা।

নেটওয়ার্ক এবং এতে কীভাবে যুক্ত হওয়া যায় সে সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে archivingthepresent.cc-এ।

OpenSpeaks, সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়গুলোর সঙ্গে সহযোগিতায়, এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার ২০টিরও বেশি ভাষা নথিবদ্ধ ও আর্কাইভ করেছে। আমাদের মূল লক্ষ্য হলো পারস্পরিক প্রশিক্ষণের মাধ্যমে সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো তৈরি, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) উন্নয়ন এবং এখন একটি সমন্বিত নেটওয়ার্ক যৌথভাবে গড়ে তোলা।

হার্ডওয়্যার সহায়তা

ভাষা নথিবদ্ধকরণ ও আর্কাইভিংয়ের ক্ষেত্রে অর্থায়নের অভাব যেমন একটি বড় বাধা, তেমনি প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও এই কাজকে বাধাগ্রস্ত করেছে।

আমাদের সহযোগী TinkerSpace Kochi ও PARI সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালায়। তাদের সঙ্গে আমাদের দুই প্রশিক্ষক দীপক কুমার বেসরা ও মিথিলেশ বারাইলিও মানুষকে হার্ডওয়্যার দান করার আহ্বান জানান। এসব প্রচারণা প্রায় এক লাখ মানুষের কাছে পৌঁছায় এবং ব্যাপক আগ্রহ তৈরি করে।

FOSS United-এর উদ্যোগে আমরা Sama Digital Foundation-এর সঙ্গে সহযোগিতা করছি। প্রতিষ্ঠানটি কর্মশালায় অংশগ্রহণকারী অনেকের জন্য কম্পিউটার দান করবে। এর প্রথম ধাপের বিতরণ শিগগিরই শুরু হবে।

কর্মশালার আয়োজনের পাশাপাশি WikiConference India-এর Day Zero-এর উদ্বোধনী সন্ধ্যায় আমরা Creative Commons-এর ২৫তম বার্ষিকীও উদযাপন করব। এটি Creative Commons-এর এই বিশেষ আয়োজনের চারটি আঞ্চলিক উদযাপনের একটি। অন্য তিনটি আয়োজন হবে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ায়।

ম্যানুয়ালটি পড়ুন, কোর্সটি সম্পন্ন করে দেখুন, অথবা আপনার সম্প্রদায় এই নেটওয়ার্কে যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন: archivingthepresent.cc।

Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?