উইকিমিডিয়ার মাধ্যমে বাংলাদেশ-চীনের মধ্যে সেতুবন্ধন

Translate this post

চাংশায় বিশ্ববিদ্যালয়জীবন কীভাবে ভাষা, সংস্কৃতি ও মুক্ত জ্ঞানকে একসূত্রে গাঁথার সুযোগ তৈরি করেছিল।

২০১৯ সালে চীনের হুনান প্রদেশের চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির লাইব্রেরি কমপ্লেক্সের সামনে বাংলাদেশি উইকিমিডিয়ানরা। ছবি: সাকিব রেজা পিয়াল, CC BY-SA 4.0

চীনের চাংশায় যখন আমি চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (CSUST) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন বিষয়ে পড়াশোনা করতে যাই, তখন আমার ভাবনায় আরেক ধরনের অবকাঠামোও জায়গা করে নিয়েছিল—ইন্টারনেটে জ্ঞান, ভাষা ও সাংস্কৃতিক প্রতিনিধিত্বের অবকাঠামো।

বাংলা ও সিলেটি ভাষায় কথা বলতে পারা একজন বহুভাষিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ থেকে বহু দূরে থাকাকালে উইকিমিডিয়া প্রকল্পগুলো আমাকে নিজের ভাষার সঙ্গে যুক্ত থাকার এবং মুক্ত জ্ঞানের বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়ার সুযোগ করে দিয়েছিল। ২০১৯ সালে এই আগ্রহ কেবল ব্যক্তিগত সম্পাদনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং সশরীরে আয়োজিত বিভিন্ন সমাবেশের মধ্য দিয়ে তা আরও বিস্তৃত হয়ে ওঠে। এসব আয়োজন বাংলা উইকিপিডিয়ার অবদানকারী ও চীনা উইকিমিডিয়ানদের একত্রিত করেছিল।

২০২০ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় প্রসারে আমার ভূমিকার জন্য চীনের চাংশা ইভনিং নিউজ (长沙晚报) পত্রিকায় আমাকে তুলে ধরা হয়। সেখানে আমাকে একজন সাংস্কৃতিক দূত হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

চাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (CSUST) লাইব্রেরি কমপ্লেক্সের সামনে একটি উইকিমিডিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। পাশাপাশি, চীনের মূল ভূখণ্ডের উইকিপিডিয়া সম্প্রদায় ও বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়—উভয়কে বিবেচনায় রেখে উইকিপিডিয়া নিয়ে আলোচনা করার একটি সুযোগ তৈরি হয়।

সমাবেশটির বিস্তারিত মেটা-উইকিতে নথিবদ্ধ রয়েছে। এমন একটি উদ্যোগের আয়োজন ও নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য ছিল বিশেষ গর্বের। কেননা উইকিমিডিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একুশের এই উইকিসমাবেশ বাংলাদেশের সীমানা পেরিয়ে অন্য একটি দেশে বিস্তৃত হয়েছিল। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছিল, কীভাবে উইকিমিডিয়া আন্দোলন ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়কে সংযুক্ত করতে পারে। এই সমাবেশের সঙ্গে যুক্ত ছিল হুনান উইকিমিডিয়ানস সম্প্রদায়ের বিকাশের প্রচেষ্টাও। ২০১৮ সালের অক্টোবরে আমি এই সম্প্রদায়টি গড়ে তুলেছিলাম।

আমার কাছে এই সমাবেশের গুরুত্ব শুধু ক্যালেন্ডারের একটি বিশেষ দিন উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাংলাভাষীদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য অনেক। দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভাষার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের পরিচয়, মর্যাদা এবং নিজের কথা বলার অধিকার। এই ইতিহাসের সঙ্গে উইকিমিডিয়াকে যুক্ত করার ফলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হয়েছিল: কীভাবে মানুষ ডিজিটাল জগতে নিজেদের ভাষার উপস্থিতি সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারে।

উইকিপিডিয়া গড়ে ওঠে ব্যক্তিগত অবদানের মধ্য দিয়ে। কিন্তু একটি অবদানকারী সম্প্রদায় তখনই বিকশিত হয়, যখন মানুষ পরস্পরের সঙ্গে দেখা করে, নিজেদের ভাবনা বিনিময় করে এবং একে অপরকে অংশগ্রহণে উৎসাহিত করে।

বিজয় দিবসে আবারও সেই বার্তা

বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে চীন ও বাংলাদেশের উইকিমিডিয়ানদের মিলনমেলা। ছবি: সাকিব রেজা পিয়াল, CC BY-SA 4.0

২০১৯ সালের ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে, চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (CSUST) ইউনতাং ক্যাম্পাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক হলের কাছে বাংলা উইকিপিডিয়ার আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনা উইকিমিডিয়া অবদানকারীদের সঙ্গে মিলিত হন। অনলাইনে বাংলা ভাষার ব্যবহার, উইকিমিডিয়া প্রকল্পগুলোতে অবদান রাখার উপায় এবং সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সমাবেশটি নিয়ে আমি প্রথম আলো-তে একটি প্রতিবেদন লিখেছিলাম। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়টিতে আমার আয়োজিত এ ধরনের এটি ছিল দ্বিতীয় সমাবেশ; এর আগে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় সমাবেশটির সংবাদও প্রকাশিত হয়েছিল।

ডিসেম্বরের এই সমাবেশটি উইকিমিডিয়া প্রকল্পের প্রচার ও প্রসারে স্থানীয় বাস্তবতা বিবেচনার গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছিল। তবে বাস্তবে অংশগ্রহণ করা কঠিন ছিল, কারণ সে সময় চীনের মূল ভূখণ্ডে উইকিপিডিয়া অবরুদ্ধ ছিল। এদিকে, উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে আমার অবদান অব্যাহত রাখতে আমি গ্লোবাল আইপি ব্লক এক্সেম্পশন (Global IP block exemption) সুবিধা পেতে সক্ষম হয়েছিলাম। বিভিন্ন ভাষার সম্প্রদায়ের মানুষের সঙ্গে এসব বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে বুঝেছি, অবদানের বিষয়ে আলোচনা তখনই বাস্তব অর্থ পায়, যখন তা মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা ও বাস্তব প্রতিবন্ধকতার সঙ্গে সংযুক্ত হয়।

এই উদ্যোগের উদ্দেশ্য কেবল একটি বিশ্বকোষ সম্পাদনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে একে অপরের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও তৈরি হয়েছিল। বাংলাদেশের বিজয় দিবসে অংশগ্রহণকারীরা পরস্পরকে স্বাগত জানান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক বিনিময়ের ধারাকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন।

সম্প্রদায় ও মুক্ত জ্ঞান সম্পর্কে আমার উপলব্ধি

চাংশায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতার দিকে ফিরে তাকালে বুঝতে পারি, উইকিমিডিয়ায় অবদান রাখা মানে শুধু নিবন্ধ লেখা বা সম্পাদনা করা নয়। এর অর্থ হতে পারে মানুষকে কোনো প্রকল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, অবদানকারীদের পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করা, সম্প্রদায়ের কার্যক্রম নথিবদ্ধ করা এবং বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা।

যদিও এসব কার্যক্রমের পরিসর ছিল সীমিত, তবু সেগুলো একটি তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপটে পরিচালিত হয়েছিল—চীনের এমন একটি বিশ্ববিদ্যালয়ে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা একসঙ্গে বসবাস ও পড়াশোনা করতেন। এই পরিবেশ স্থানীয় অভিজ্ঞতার সঙ্গে মুক্ত জ্ঞানের বৈশ্বিক আন্দোলনের সংযোগ ঘটানোর সুযোগ করে দিয়েছিল।

এরপর বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলোতে আমার কাজ এবং সিলেটি ভাষার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় প্রচেষ্টা ভাষাগত বৈচিত্র্য নিয়ে আমার আগ্রহকে আরও গভীর করেছে। মূল প্রশ্নটি আজও একই রয়েছে: কীভাবে বিভিন্ন সম্প্রদায়ের জ্ঞান, ইতিহাস ও ভাষাকে অনলাইন জগতে আরও দৃশ্যমান ও সহজলভ্য করে তোলা যায়?

সে সময় থেকেই উইকিপিডিয়ার নিবন্ধ অনুবাদ করে এবং সেগুলোকে নতুনভাবে উপস্থাপন করে উইকিপিডিয়ার বাইরের বৃহত্তর পাঠকসমাজের উপযোগী সংবাদ প্রতিবেদন তৈরি করতে শুরু করি। এসব প্রতিবেদন বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে থাকে। এর মধ্যে রয়েছে প্রথম আলো, যুগান্তর, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং অন্যান্য সংবাদমাধ্যম। বিভিন্ন সম্প্রদায়ের কার্যক্রম নথিবদ্ধ করা, সাংস্কৃতিক জ্ঞান সংরক্ষণ এবং এক ভাষা থেকে অন্য ভাষায় তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে আমি BCYSA আউটস্টান্ডিং জার্নালিস্ট অ্যাওয়ার্ড লাভ করি।

চাংশার অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে, এই কাজের জন্য যেমন ডিজিটাল উদ্যোগ প্রয়োজন, তেমনি প্রয়োজন মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক। একটি সম্পাদনার মাধ্যমে নিবন্ধে নতুন তথ্য যুক্ত হতে পারে; আবার একটি সমাবেশ কাউকে এমন একটি সম্প্রদায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে, যার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞানের ভান্ডার ক্রমাগত সমৃদ্ধ হয়।

চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমার ভূমিকা ছিল বহুভাষিক যোগাযোগ, শিক্ষা ও সম্প্রদায় গড়ে তোলার সমন্বয়—উইকিমিডিয়া আন্দোলনের পরিসরে যেমন, তেমনি আন্তর্জাতিক শিক্ষাঙ্গনেও। ২০২২ সালের জুনে আমাকে চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্টারন্যাশনাল কলেজের ২০২২ সালের অ্যালামনাই প্রতিনিধি (校友联络员) হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে চাংশায় আমার জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে।

ছোট ও তুলনামূলকভাবে কম প্রতিনিধিত্বশীল ভাষার সম্প্রদায়ে কাজ করা উইকিমিডিয়া অবদানকারীদের জন্য আমার অভিজ্ঞতা থেকে একটি সহজ শিক্ষা রয়েছে: শুরু করুন নিজের আশপাশের মানুষদের নিয়ে। একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ভিন্ন ভাষায় কথা বলা মানুষের মধ্যে একটি আলাপচারিতা—যেকোনো কিছুই মুক্ত জ্ঞানের জগতে প্রবেশের পথ হয়ে উঠতে পারে। প্রথম পদক্ষেপটি হয়তো একটি ছোট্ট মিলনমেলা, কিন্তু সেখানে গড়ে ওঠা সম্পর্ক অনুষ্ঠান শেষ হওয়ার বহু পরেও টিকে থাকতে পারে।

Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?