
২০২৬ সালের ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঘানার আক্রা শহর বিশ্বের ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ, নথিবদ্ধকরণ, বিকাশ ও অগ্রগতিতে কাজ করা মানুষের মিলনস্থলে পরিণত হয়েছিল।
“উন্মুক্ত আন্দোলনে ভাষাভিত্তিক সম্প্রদায়কে শক্তিশালী করা” প্রতিপাদ্য নিয়ে ফিয়েস্তা রয়্যাল হোটেলে অনুষ্ঠিত হয় প্রথম ভাষাবৈচিত্র্য সম্মেলন (Language Diversity Conference)।
ডাগবানি উইকিমিডিয়ানস ইউজার গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে সহযোগিতা করে উইকিটাংস, উইকিমিডিয়া ইউকে এবং ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি হাব। সম্মেলনটির অর্থায়ন করে উইকিমিডিয়া ফাউন্ডেশন।
আক্রায় বিশ্বব্যাপী ভাষা সম্প্রদায়কে স্বাগত জানানো
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা ১ অক্টোবর থেকেই আক্রায় আসতে শুরু করেন। স্থানীয় আয়োজক দলের সদস্য হিসেবে অংশগ্রহণকারীদের স্বাগত জানানো এবং নিবন্ধন কার্যক্রম পরিচালনার দায়িত্ব ছিল আমাদের ওপর।
এই কার্যক্রমের মধ্যে ছিল উপস্থিতি যাচাই, সম্মেলনের লোগোসংবলিত টি-শার্ট ও স্মারকসামগ্রী বিতরণ এবং অংশগ্রহণকারীদের সম্মেলনে নিজেদের মানিয়ে নিতে সহায়তা করা। নিবন্ধন ডেস্কটি অল্প সময়ের মধ্যেই সম্মেলনস্থলের অন্যতম প্রাণবন্ত ক্ষেত্রে পরিণত হয়। বহু বছর ধরে অনলাইনে যোগাযোগ রাখা মানুষদের অবশেষে সামনাসামনি দেখা হচ্ছিল। তাদের মধ্যে অনেকের জন্যই এটি ছিল এমন মানুষদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি পরিচিত হওয়ার সুযোগ, যাদের এত দিন তারা শুধু অনলাইন সম্প্রদায়ের মাধ্যমেই চিনতেন।
সন্ধ্যা ৭টায় নৈশভোজের মধ্য দিয়ে এই আনন্দঘন পরিবেশের সমাপ্তি ঘটে। সম্প্রদায়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সম্মেলনের সূচনা হিসেবে এটি ছিল যথার্থ ও স্মরণীয়।
সম্মেলনের সময়সূচি ঠিক রাখা

পুরো সম্মেলনে সময় ব্যবস্থাপনার দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছিল।
এই দায়িত্বের মধ্যে ছিল প্রতিটি সেশনের সময় পর্যবেক্ষণ করা, বক্তাদের হাতে কতটুকু সময় বাকি রয়েছে তা মনে করিয়ে দেওয়া, সেশনগুলোর মধ্যে নির্বিঘ্নে পরিবর্তন নিশ্চিত করা এবং অংশগ্রহণকারীদের নিজ নিজ কক্ষে ফিরে আসতে উৎসাহিত করা।
আমি দায়িত্বটি বেশ গুরুত্বের সঙ্গে পালন করেছিলাম। হয়তো একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছিলাম! সম্মেলনের শেষ নাগাদ আমার নাম হয়ে গিয়েছিল “কড়া সময়রক্ষক” (strict time keeper)।
তবে আমার কাছে সময় ব্যবস্থাপনা মানে শুধু ঘড়ির কাঁটা দেখা ছিল না। এর অর্থ ছিল বক্তাদের, অংশগ্রহণকারীদের এবং পুরো কর্মসূচির প্রতি সম্মান দেখানো। সম্মেলনে একই সময়ে একাধিক সেশন চলছিল। তাই সময়সূচি মেনে চলার মাধ্যমে অংশগ্রহণকারীরা যত বেশি সম্ভব সেশনে অংশ নেওয়ার এবং সেগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ পেয়েছিলেন।
অনলাইনে ভাষার অধিকার: ডাগবানি ঐতিহ্য সংরক্ষণ

২০২৬ সালের ভাষাবৈচিত্র্য সম্মেলনের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের দলীয় ছবি।

আয়োজনে ভূমিকা রাখার পাশাপাশি আমি বক্তা হিসেবেও অবদান রাখার সুযোগ পেয়েছিলাম। Fuseini Mugisu Suhuyini-এর সঙ্গে যৌথভাবে আমি “অনলাইনে ভাষার অধিকার: ডাগবানি ঐতিহ্য সংরক্ষণ” (Language Rights Online: Preserving the Dagbani Heritage) শীর্ষক একটি সেশন উপস্থাপন করি।
এই সেশনে ডাগবানি ঐতিহ্য এবং ডিজিটাল পরিসরে ভাষার প্রতিনিধিত্ব নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনার সুযোগ হয়।
যেসব ভাষা ঐতিহাসিকভাবে অনলাইনে খুব কম প্রতিনিধিত্ব পেয়েছে, সেসব ভাষাভাষী সম্প্রদায়ের জন্য ডিজিটাল উপস্থিতি গড়ে তোলার অর্থ কেবল আরও বেশি কনটেন্ট তৈরি করা নয়। বরং, মানুষ যেন নিজেদের ভাষায় জ্ঞান খুঁজে পায়, ব্যবহার করতে পারে এবং জ্ঞানচর্চায় অবদান রাখতে পারে, তা নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শেখা
সম্মেলনের অন্যতম শক্তি ছিল এর কর্মসূচিতে প্রতিফলিত দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য।
বিভিন্ন সেশনে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
- সংখ্যালঘু ভাষার জন্য টেকসই ডিজিটাল আর্কাইভ
- বহুভাষিকতা ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ
- ভাষার অধিকার ও ডাগবানি ঐতিহ্য
- ঘানার ভাষাগুলোর জন্য উইকিডাটা ও সম্প্রদায়ভিত্তিক প্রশিক্ষণ
- সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রবাসী সম্প্রদায়ের ভাষা
- মোজিলা কমন ভয়েস ও সংখ্যালঘু ভাষার ভয়েস ডেটাসেট
- দক্ষিণ আমেরিকার আদিবাসী ভাষার জন্য উন্মুক্ত শিক্ষাসামগ্রী
- কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উইকিমিডিয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ
- উইকিপিডিয়ার জন্য এআই-সহায়তাপ্রাপ্ত অনুবাদ কর্মপ্রক্রিয়া
- মৌখিক জ্ঞান ও উন্মুক্ত জ্ঞান
- উইকিপিডিয়ায় নারী, স্থানীয় ভাষা ও দৃশ্যমানতা
- উইকিডাটা লেক্সিম ও অ্যাবস্ট্রাক্ট উইকিপিডিয়া
এই সেশনগুলো দেখিয়েছে, ভাষা নিয়ে কাজ করার পদ্ধতি কতটা বৈচিত্র্যময় হতে পারে।
এর মধ্যে রয়েছে ভাষা নথিবদ্ধকরণ, অনুবাদ, প্রযুক্তি, শিক্ষা, মৌখিক ইতিহাস, সম্প্রদায়ভিত্তিক প্রশিক্ষণ, উপাত্ত, গল্প বলা এবং অধিকার আদায়ের পক্ষে সম্মিলিত উদ্যোগ।
পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা
১. ভাষাবৈচিত্র্যের পরিসর হতে হবে ডিজিটাল জগৎও।
ভাষাগুলোর জন্য অনলাইনে অর্থবহ উপস্থিতি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডিজিটাল পরিসরে কোনো ভাষার প্রতিনিধিত্ব নির্ধারণ করে, সেই ভাষার মানুষ কীভাবে তথ্য পাবে, জ্ঞানচর্চায় অবদান রাখবে এবং বৃহত্তর তথ্যসমাজে অংশগ্রহণ করবে।
২. ভাষা নিয়ে কাজের কেন্দ্রে থাকতে হবে সংশ্লিষ্ট সম্প্রদায়কে।
প্রযুক্তি শক্তিশালী নানা উপকরণ সরবরাহ করতে পারে। কিন্তু সেই উপকরণগুলোকে অর্থবহভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সম্প্রদায়ের সাংস্কৃতিক জ্ঞান, ভাষাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা।
৩. উন্মুক্ত জ্ঞান কম প্রতিনিধিত্ব পাওয়া ভাষাগুলোকে শক্তিশালী করতে পারে।
উইকিপিডিয়া, উইকিডাটা এবং এ ধরনের অন্যান্য উন্মুক্ত প্ল্যাটফর্ম বিভিন্ন সম্প্রদায়ের জন্য নিজেদের ভাষায় জ্ঞান তৈরি ও বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। এর ফলে যেসব ভাষা অন্যথায় অনলাইনে উপেক্ষিত থেকে যেতে পারে, সেগুলোর উপস্থিতি আরও দৃশ্যমান ও সমৃদ্ধ হতে পারে।
৪. কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সম্ভাবনার পাশাপাশি দায়িত্বও নিয়ে আসে।
এআই-সহায়তাপ্রাপ্ত অনুবাদ এবং অন্যান্য ভাষাপ্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে স্থানীয় প্রেক্ষাপট, ভাষাগত নির্ভুলতা, সাংস্কৃতিক জ্ঞান এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব অপরিবর্তিত থাকে।
৫. সহযোগিতার মাধ্যমে ভৌগোলিক সীমানা অতিক্রম করা সম্ভব।
এই সম্মেলন ইন্দোনেশিয়া, ভারত, পেরু, নরওয়ে, নাইজেরিয়া, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া, টোগো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মাদাগাস্কার, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে ভাষাবৈচিত্র্য নিয়ে কাজ করা মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে।
এই পরিচয়গুলোর কিছু শুরু হয়েছিল অনলাইনে, আর কিছু গড়ে ওঠে সম্মেলন চলাকালে। এর মধ্যে বেশ কয়েকটি সম্পর্ক বন্ধুত্বে রূপ নেয়। নতুন পরিচিত বন্ধুদের কাছ থেকে উপহার পাওয়ার সৌভাগ্যও আমার হয়েছিল, যা এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছে।
নতুন উপকরণ ও প্রযুক্তি সম্পর্কে শেখা
সম্মেলনটি হাতে-কলমে শেখারও একটি সুযোগ ছিল। আমি লেক্সিম-সংক্রান্ত বিভিন্ন উপকরণ সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করি এবং স্থানীয় ভাষায় অনুবাদের কাজে প্রম্পট ব্যবহারের নতুন পদ্ধতিগুলো সম্পর্কে ধারণা লাভ করি।
এই দক্ষতাগুলো ডাগবানি ভাষা ও উন্মুক্ত জ্ঞান নিয়ে আমার নিজস্ব কাজে প্রয়োগ করার আশা রাখি।
একটি সম্মেলনের চেয়েও বেশি কিছু
পেছনে ফিরে তাকালে, ভাষাবৈচিত্র্য সম্মেলনকে কেবল তিন দিনের আলোচনা, উপস্থাপনা ও কর্মশালার সমষ্টি বলে মনে হয় না। এটি ছিল এমন একটি পরিসর, যেখানে ভাষার অধিকার ও সংরক্ষণে কাজ করা ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পেরেছেন, অনলাইন সম্প্রদায়ের সদস্যরা সামনাসামনি মিলিত হয়েছেন, নতুন বন্ধুত্ব গড়ে উঠেছে এবং ভিন্ন ভিন্ন ভাষা নিয়ে কাজ করা মানুষ নিজেদের চ্যালেঞ্জগুলোর মধ্যে মিল খুঁজে পেয়েছেন।
ডাগবানি উইকিমিডিয়ানস ইউজার গ্রুপের জন্য আক্রায় এই প্রথম সম্মেলনের আয়োজন করা ছিল আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে ঘানা ও আফ্রিকার ভাষাভিত্তিক সম্প্রদায়গুলোকে ভাষাবৈচিত্র্য ও উন্মুক্ত জ্ঞান নিয়ে বৃহত্তর বৈশ্বিক আলোচনার কেন্দ্রে তুলে ধরার সুযোগ তৈরি হয়।
সম্মেলনটি সফল করে তুলতে অবদান রাখা প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ—আয়োজক দল, সহযোগী প্রতিষ্ঠান, বক্তা, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী এবং সেই বৃহত্তর সম্প্রদায়গুলোর প্রতি, যাদের কাজ এই আয়োজনকে অর্থবহ করে তুলেছে।
সম্মেলন শেষ হয়েছে, কিন্তু কাজ শেষ হয়নি।
আমরা যদি সত্যিকার অর্থে একটি উন্মুক্ত আন্দোলন গড়ে তুলতে চাই, তবে সেই ভবিষ্যতে ভাষাগত বৈচিত্র্যকে অবশ্যই গুরুত্বপূর্ণ স্থান দিতে হবে।
এখন প্রশ্ন হলো:
ভাষাবৈচিত্র্য নিয়ে আলোচনা থেকে আমরা কীভাবে আরও শক্তিশালী, টেকসই এবং ডিজিটাল পরিসরে অধিক দৃশ্যমান ভাষাভিত্তিক সম্প্রদায় গড়ে তোলার দিকে এগিয়ে যেতে পারি?
এই আলোচনা অব্যাহত রাখা সত্যিই জরুরি।

Can you help us translate this article?
In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?
Start translation
