শিক্ষানুরাগী কোনো বৈশ্বিক সম্প্রদায় এবং একটি আঞ্চলিক উইকিমিডিয়া হাব যখন নিজেদের চলমান উদ্যোগগুলোকে একসূত্রে মেলায়, তখন ঠিক কী দারুণ সম্ভাবনা জেগে উঠতে পারে?
এডুউইকি হাব এবং উইকিমিডিয়া পূর্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় (ইএসইএপি) হাবের ক্ষেত্রে এই সমস্যার সমাধানটি এসেছে এক কার্যকর অংশীদারিত্বের মধ্য দিয়ে। এর মূল লক্ষ্য ছিল পুরো ইএসইএপি অঞ্চলের নানা জনগোষ্ঠীর কাছে উইকিমিডিয়ার শিক্ষামূলক সুযোগগুলোকে আরও সহজলভ্য, দৃশ্যমান ও অর্থবহ করে তোলা।
সবার জন্য সহজগম্যতা ও অন্তর্ভুক্তির এক অভিন্ন আদর্শকে ধারণ করেই এই যৌথ উদ্যোগটি বিকশিত হয়েছে। নতুন কোনো পৃথক কর্মসূচি চালুর পরিবর্তে হাব দুটি বিদ্যমান নানা কার্যক্রম, উপাদান ও আঞ্চলিক সংযোগগুলোকে পরস্পরের সাথে যুক্ত করেছে, যাতে আরও বেশি মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেন।
এডুউইকি কার্যক্রমকে আরও সহজগম্য করে তোলা
উভয় উদ্যোগের পারস্পরিক সহযোগিতার সবচেয়ে বাস্তবসম্মত দিকটি ফুটে উঠেছে ভাষাগত সুযোগের প্রসারে। ইএসইএপি হাবের ‘কমিউনিটি ট্রান্সলেটর প্রোগ্রামের’ বদৌলতে এডুউইকি হাবের নানাবিধ কার্যক্রম, যেমন নলেজ শোকেস, কর্মশালা এবং নবাগতদের পরিচিতিমূলক ‘নিউকামারস স্টার্টার কিট’ সংক্রান্ত সেশনগুলোতে দোভাষী সেবা দেওয়া সম্ভব হয়েছে; যার মধ্যে ইন্দোনেশীয় ও চীনা ভাষার সরাসরি অনুবাদও অন্তর্ভুক্ত ছিল।
এর সুবাদে অংশগ্রহণকারীরা তাঁদের নিজস্ব স্বাচ্ছন্দ্যের ভাষায় এডুউইকির কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পেরেছেন। একই সাথে এসব অধিবেশনের সহায়ক উপকরণ ও ধারণকৃত ভিডিওগুলো সরাসরি আয়োজিত সভার গণ্ডি পেরিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর পথ সুগম হয়েছে। মূল আয়োজন শেষ হওয়ার পরও ইএসইএপি তাদের আঞ্চলিক নেটওয়ার্কের মাধ্যমে অনূদিত ও ডাব করা সংস্করণগুলো ছড়িয়ে দিয়ে এডুউইকির কার্যক্রমকে আরও সুদূরপ্রসারী করে তুলেছে।
এডুউইকি হাবের জন্য এটি তাদের ‘সহজলভ্যতা ও সর্বজনীন অন্তর্ভুক্তি’ নীতির এক প্রত্যক্ষ ও সফল প্রতিফলন; যেখানে ভাষার দেয়াল ভেঙে দেওয়া হয়েছে, যাতে উইকিমিডিয়া সংক্রান্ত শিক্ষামূলক উদ্যোগে অংশগ্রহণ কেবল ইংরেজি জানার সীমাবদ্ধতায় আটকে না থাকে।

ইএসইএপি সম্প্রদায়ের সাথে এডুউইকির নিবিড় মেলবন্ধন
এই অংশীদারিত্বের মধ্য দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে এডুউইকি হাবের পারস্পরিক মেলবন্ধন ও সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
ইএসইএপির যোগাযোগ মাধ্যম ও প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের সুবাদে স্থানীয় সম্প্রদায়গুলো এডুউইকির বিভিন্ন কর্মশালা, জ্ঞান প্রদর্শনী (নলেজ শোকেস), দিকনির্দেশনামূলক সুযোগ, শিক্ষাসামগ্রীসহ বহুমুখী কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষভাবে জানার সুযোগ পাচ্ছে। পাশাপাশি, ইএসইএপির নিয়মিত উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এডুউইকি হাব নিজেদের কাজ তুলে ধরছে এবং অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা উইকিমিডিয়ান ও সম্প্রদায়গুলোর সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তুলছে। একই সঙ্গে, ইএসইএপি অঞ্চলে উইকিমিডিয়া শিক্ষা নিয়ে নিবেদিতপ্রাণ দলগুলোর বাস্তব অভিজ্ঞতা, আগ্রহ ও চাহিদার দিকগুলো এডুউইকি হাব আরও গভীরভাবে অনুধাবনের সুযোগ পেয়েছে।
উভয় পক্ষের এই মেলবন্ধনের এক অনন্য প্রতিফলন দেখা যায় ২০২৬ সালের ইএসইএপি সম্মেলনে। সেখানে এডুউইকি হাব এ অঞ্চলে উইকিমিডিয়া শিক্ষার প্রসার ও কার্যকর অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে একটি বিশেষ অধিবেশন পরিচালনা করে। এতে ২০ জনেরও বেশি শিক্ষাবিদ, উইকিমিডিয়ান এবং তৃণমূলের সংগঠক অংশ নেন। তাঁরা নিজেদের সমৃদ্ধ অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি স্থানীয় স্তরের শিক্ষামূলক উদ্যোগগুলোকে এডুউইকির বৃহত্তর বৈশ্বিক অঙ্গনে যুক্ত করার সম্ভাব্য পথ ও উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
যৌথ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পারস্পরিক এই সহযোগিতার ধারা ক্রমশ বিকশিত হচ্ছে। এডুউইকি হাব ও ইএসইএপি হাবের যৌথ উদ্যোগে পরিকল্পিত ২০২৬ সালের নভেম্বরের ‘নলেজ শোকেস’ এ মূলত ইএসইএপি অঞ্চলের উইকিমিডিয়া শিক্ষা ও তৃণমূলের অভিজ্ঞতার গল্পগুলোকেই কেন্দ্রে রাখা হবে। এর ফলে আঞ্চলিক সম্প্রদায়গুলোর সামনে নিজেদের কাজ তুলে ধরার এবং বিশ্বব্যাপী এডুউইকি নেটওয়ার্কের সঙ্গে একাত্ম হওয়ার আরেকটি চমৎকার সুযোগ সৃষ্টি হবে।
এই সংযোগের সার্থকতা মূলত দ্বিমুখী এবং পারস্পরিক সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত। একদিকে ইএসইএপি অঞ্চলের সম্প্রদায়গুলো যেমন শিক্ষাবিষয়ক বৈশ্বিক সম্ভাবনার বিস্তৃত দিগন্তের দেখা পাচ্ছে, তেমনি অন্যদিকে স্থানীয় জ্ঞানভাণ্ডার ও তৃণমূলের অভিজ্ঞতার পরশে এডুউইকির সামগ্রিক উদ্যোগও আরও অর্থবহ ও সুদৃঢ় হয়ে উঠছে।
সম্পদের সুদূরপ্রসারী বিস্তার ও সদ্ব্যবহার নিশ্চিতকরণ
এই অংশীদারিত্বের মধ্য দিয়ে বিকাশমান উইকিমিডিয়া সম্প্রদায়গুলোর কাছে এডুউইকি সহায়িকা ও উপকরণ পৌঁছে দেওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
নবীন সদস্য ও নতুন গড়ে ওঠা উইকিমিডিয়া সম্প্রদায়সমূহকে শিক্ষা বিষয়ক কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা দিতে ‘এডুউইকি হাব নিউকামারস স্টার্টার কিট‘ ইএসইএপি সম্প্রদায়ের মাঝে বিপুল আগ্রহ সৃষ্টি করে। ইএসইএপি হাব তাদের আঞ্চলিক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তিমুর-লেস্তের বিভিন্ন সম্প্রদায়সহ সংশ্লিষ্ট পরিমণ্ডলে এই নির্দেশিকা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
এছাড়া, ইএসইএপি সম্প্রদায়ের নিজস্ব আগ্রহে সহায়িকাটি ইন্দোনেশীয় ভাষায় অনুবাদের প্রস্তাবও ওঠে; যা প্রমাণ করে যে এডুউইকি উপকরণ বিষয়ক সচেতনতা কীভাবে সম্প্রদায়ভিত্তিক অভিযোজন ও অনুবাদের পথ সুগম করে।
মূলত আঞ্চলিক সহযোগিতার এটিই একটি অনন্য দৃষ্টান্ত: বৃহত্তর উইকিমিডিয়া শিক্ষা সম্প্রদায়ের কল্যাণে নির্মিত উপকরণসমূহকে সহজেই স্থানীয় নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা যায়, মাঠপর্যায়ের চাহিদামতো রূপান্তর করা যায় এবং পর্যায়ক্রমে আরও নানা ভাষায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়।
চলমান উদ্যোগকে আরও সুদৃঢ় ও বেগবান করার এক যৌথ মেলবন্ধন
এডুউইকি হাব এবং ইএসইএপি হাবের মধ্যকার যৌথ সহযোগিতার সম্পর্কটি একটি সমঝোতা স্মারকের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এর আওতায় রয়েছে দিকনির্দেশনা বা মেন্টরশিপ, পারস্পরিক প্রচারণা, জ্ঞান ও সম্পদ বিনিময়, অনুবাদ, আঞ্চলিক সহজগম্যতা এবং যৌথ কর্মসূচি পরিচালনা।
তবে এই অংশীদারিত্বের মূল শক্তি কেবল আনুষ্ঠানিক চুক্তির দলিলে সীমাবদ্ধ নয়; বরং নিজেদের বিদ্যমান নেটওয়ার্ক ও সামর্থ্যকে সমন্বিত করে হাব দুটি ইতিমধ্যে যে সাফল্য অর্জন করেছে, সেখানেই নিহিত এর আসল তাৎপর্য।
ইসিপ হাবের মূল অবদান হলো আঞ্চলিক সম্প্রদায়ের সাথে নিবিড় সংযোগ, ভাষাগত সহায়তা, অনুবাদ এবং স্থানীয় বাস্তবতার গভীর বোঝাপড়া। পক্ষান্তরে এডুইউইকি হাব যুক্ত করছে শিক্ষাভিত্তিক নানা উপকরণ, কর্মশালা, প্রদর্শনী, দিকনির্দেশনা এবং উইকিমিডিয়া শিক্ষা নিয়ে কর্মরত বিভিন্ন সম্প্রদায়ের সাথে মেলবন্ধন তৈরির সুযোগ।
উভয়ের এই সম্মিলিত প্রয়াস ইসিপ অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের পক্ষে এডুইউইকির কার্যক্রমে অংশ নেওয়া, নিজেদের অভিজ্ঞতা তুলে ধরা এবং বৃহত্তর শিক্ষা বলয়ের সাথে যুক্ত হওয়া অনেক সহজ করে তুলেছে। নতুন কোনো পরিকাঠামো না গড়েও বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে দৃঢ় সেতুবন্ধন রচনার মাধ্যমে কীভাবে পারস্পরিক মেলবন্ধন ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়। এই অংশীদারিত্ব তারই এক অনন্য ও বাস্তব দৃষ্টান্ত।
Can you help us translate this article?
In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?
Start translation