
ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে চলমান কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত বহুল আলোচিত মামলায় (In re: OpenAI, Inc. Copyright Infringement Litigation) নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে একটি ‘অ্যামিকাস ব্রিফ’ বা ‘আদালতের বন্ধু’ (Friend of the court) হিসেবে নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো সেই উন্মুক্ত ও সহজলভ্য জ্ঞানের ভান্ডারকে সুরক্ষিত রাখা, যার ওপর উইকিপিডিয়া এবং বিশ্বের কোটি কোটি মানুষ নির্ভরশীল।
এই মামলায় মোট ১২টি আলাদা অভিযোগ একীভূত করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘দ্য নিউ ইয়র্ক টাইমস কোম্পানি বনাম মাইক্রোসফট ও ওপেনএআই’ মামলাটি। পুরো বিরোধের কেন্দ্রে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলো যখন কপিরাইটযুক্ত তথ্য ব্যবহার করে, তখন তা কি ‘ফেয়ার ইউজ’ বা আইনিভাবে ‘যৌক্তিক ব্যবহার’ হিসেবে গণ্য হবে?
উইকিমিডিয়া ফাউন্ডেশন মনে করে, এই প্রশ্নের সমাধান এমন হওয়া উচিত যা একদিকে নতুন উদ্ভাবনের পথ খোলা রাখবে, আবার অন্যদিকে উইকিমিডিয়ার স্বেচ্ছাসেবকসহ যেসব মানুষ ও প্রতিষ্ঠান জ্ঞানকে সবার নাগালে পৌঁছে দিতে কাজ করছেন, তাঁদের স্বার্থও রক্ষা করবে। এই মামলায় ফাউন্ডেশন ওপেনএআই বা নিউ ইয়র্ক টাইমস, কারও পক্ষ নিচ্ছে না। বরং তারা আদালতের কাছে উন্মুক্ত জ্ঞানকে সুরক্ষিত রাখার আহ্বান জানাচ্ছে, যা ইন্টারনেট ব্যবহারকারী প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ।
এই আইনি লড়াইয়ে উইকিমিডিয়ার স্বার্থ যেখানে জড়িত
৩০০টি ভাষায় উইকিপিডিয়ার ৬ কোটি ৭০ লাখেরও বেশি নিবন্ধ তৈরি এবং সমৃদ্ধ করার পেছনে কাজ করছেন প্রায় আড়াই লাখ স্বেচ্ছাসেবী সম্পাদক। তাঁদের এই বিশাল কর্মযজ্ঞ টিকে আছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং প্রকাশিত নানা গবেষণাপত্রের মতো নির্ভরযোগ্য তথ্যসূত্রের ওপর ভিত্তি করে।
অন্যদিকে, এআই প্রযুক্তিগুলোও আবার উইকিপিডিয়ার ওপর নির্ভরশীল। সার্চ ইঞ্জিন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলোকে সচল রাখার পাশাপাশি বর্তমানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর জন্য সবচেয়ে বড় ও উন্নত মানের ডেটাসেট বা তথ্যভান্ডারগুলোর একটি হলো এই উইকিপিডিয়া।
ফলে, কপিরাইট সংক্রান্ত যেকোনো রায় যদি এই পারস্পরিক সম্পর্কের কোনো একটি দিককেও ক্ষতিগ্রস্ত করে, তবে মানুষের তথ্য খোঁজা এবং তা ব্যবহারের পুরো প্রক্রিয়াটিই বাধাগ্রস্ত হতে পারে।
উন্মুক্ত জ্ঞানভান্ডারের সুরক্ষায় ‘ফেয়ার ইউজ’ নিশ্চিত করা
২০২৩ সালে দ্য নিউ ইয়র্ক টাইমস এই মামলাটি দায়ের করে। তাদের অভিযোগ, ওপেনএআই এবং মাইক্রোসফট অনুমতি ছাড়াই তাদের কপিরাইটযুক্ত লেখা ব্যবহার করেছে। অন্যদিকে, ওপেনএআই এবং মাইক্রোসফটের যুক্তি হলো, জনসমক্ষে উন্মুক্ত থাকা তথ্য ব্যবহার করে এআই প্রযুক্তির উন্নয়ন ঘটানো ‘ফেয়ার ইউজ’ বা যৌক্তিক ব্যবহারের আওতায় পড়ে।
কপিরাইট আইনের এই ‘ফেয়ার ইউজ’ নীতির আওতায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে স্বত্বাধিকারীর অনুমতি ছাড়াও কপিরাইটযুক্ত উপাদান ব্যবহারের সুযোগ থাকে। কিন্তু মূল প্রশ্ন হলো, এআই প্রযুক্তির ক্ষেত্রে এই নীতি কীভাবে প্রযোজ্য হবে?
উইকিমিডিয়া ফাউন্ডেশন মনে করে, এ বিষয়ে যেকোনো একপাক্ষিক বা ঢালাও সিদ্ধান্তের মধ্যেই বড় ধরনের ঝুঁকি রয়েছে।
আদালতের রায়ে যদি ‘ফেয়ার ইউজ’-এর পরিধিকে অতিরিক্ত সংকুচিত করা হয়, তবে জনকল্যাণমূলক ওপেন-সোর্স এআই প্রযুক্তি তৈরির জন্য অপরিহার্য উন্মুক্ত তথ্যের প্রাপ্যতা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে, মানুষ অনলাইনে যেভাবে নানামুখী ও কার্যকর উপায়ে সাধারণ জ্ঞান সংগ্রহ ও আদান-প্রদান করে, সেই পথটিও রুদ্ধ হয়ে যাবে।
নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য প্রকাশকদের দাবি, এআই প্রতিষ্ঠানগুলো যেভাবে কপিরাইটযুক্ত কাজ সংগ্রহ করেছে, সেগুলো দিয়ে এআইকে প্রশিক্ষণ দিয়েছে এবং পরবর্তীতে নিজেদের বাণিজ্যিক সেবায় মানুষের প্রশ্নের উত্তর দিতে তা ব্যবহার করছে, তার কোনোটিই ‘ফেয়ার ইউজ’ হিসেবে গণ্য হতে পারে না। বিপরীতে ওপেনএআইয়ের দাবি, নিজেদের এলএলএম সিস্টেম তৈরি এবং পরিচালনার জন্য তারা কপিরাইটযুক্ত তথ্যের যত ধরনের ব্যবহার করছে, তার সবই ‘ফেয়ার ইউজ’-এর আওতায় বৈধ।
আমাদের যুক্তির মূল কথা হলো, পুরো প্রক্রিয়ায় ‘ফেয়ার ইউজ’-এর জন্য একটি যৌক্তিক অবস্থান বজায় রাখা, এবং একই সঙ্গে এআই যেন মূল কপিরাইটযুক্ত কাজের বিকল্প বা প্রতিস্থাপক হয়ে না ওঠে তা নিশ্চিত করা। এআইকে প্রশিক্ষণ দেওয়ার ধাপটিকে যদি ‘ফেয়ার ইউজ’ হিসেবে ধরা না হয়, তবে এআই প্রযুক্তির বিকাশ কেবল গুটি কয়েক বিশাল করপোরেট প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত হয়ে পড়বে, যাদের অর্থ দিয়ে তথ্য কেনার সামর্থ্য আছে; কিংবা কেবল বিপুল তহবিল থাকা ডেভেলপাররাই ওইসব প্রতিষ্ঠানের নিজস্ব মডেল কিনতে পারবে। ফলে সাধারণ ওপেন-সোর্স ডেভেলপারদের পক্ষে এই প্রযুক্তির খরচ বহন করা বা এর নাগাল পাওয়া অসম্ভব হয়ে পড়বে।
এমন পরিস্থিতি তৈরি হলে তা উইকিমিডিয়ার স্বেচ্ছাসেবকদের প্রাসঙ্গিক তথ্য পাওয়ার সক্ষমতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। এ ছাড়া উইকিপিডিয়ায় নতুন তথ্য যুক্ত করা, রক্ষণাবেক্ষণ এবং মানোন্নয়নের কাজে সহায়ক এমন সব নতুন ওপেন-সোর্স প্রযুক্তি তৈরি ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগও তাঁরা হারাবেন।
আবার অন্যদিক থেকে ভাবলে, আদালত যদি এআই প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত কপিরাইট আইন ও লাইসেন্সের শর্ত এড়িয়ে চলার একচেটিয়া ও অবাধ অধিকার দিয়ে দেয়, তবে প্রকাশকরা তাঁদের তথ্য আরও কড়াকড়িভাবে বাধার আড়ালে (যেমন পে-ওয়াল) আবদ্ধ করে ফেলতে উৎসাহিত হবেন। এতে উইকিপিডিয়া গড়ে তোলা স্বেচ্ছাসেবকদের জন্য উন্মুক্ত তথ্যসূত্রের সংখ্যা মারাত্মকভাবে কমে যাবে।
আদালত যদি ‘ফেয়ার ইউজ’-এর এই ঢালাও ব্যাখ্যা মেনে নেয়, তবে এআই ডেভেলপাররা প্রচলিত কপিরাইট লাইসেন্সের শর্ত মানতে আর বাধ্য থাকবে না, যে শর্তগুলো মূল লেখককে যথাযথ স্বীকৃতি দেওয়া এবং অন্যান্য বিধিনিষেধ মেনে চলার কথা বলে। অথচ এই শর্তগুলোর ওপর ভিত্তি করেই অনলাইনে উন্মুক্ত মানবজ্ঞানের কাঠামো এবং তা তৈরির পেছনের কমিউনিটিগুলো টিকে আছে।
এর ফলাফল উন্মুক্ত জ্ঞান এবং উইকিমিডিয়ার প্রকল্পগুলোর জন্য ক্ষতিকর হবে। কারণ, পাঠক পাওয়া এবং প্রকল্পগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে নতুন স্বেচ্ছাসেবকদের আকৃষ্ট করার জন্য আমরা এবং অন্যান্য প্রকাশকরা যে অনলাইন উপস্থিতির ওপর নির্ভর করি, তা আরও সংকুচিত হয়ে পড়বে।
তাই ফাউন্ডেশনের অবস্থান অত্যন্ত স্পষ্ট: এআই কর্তৃক তথ্যের সব ধরনের ব্যবহারকে এক পাল্লায় না মেপে, তথ্যটি ঠিক কীভাবে ব্যবহৃত হচ্ছে আদালতের উচিত তা আলাদাভাবে বিবেচনা করা।
লাইসেন্সের শর্তের প্রতি সম্মান রেখে উদ্ভাবনের দুয়ার খোলা রাখা
ফাউন্ডেশনের লিখিত বক্তব্যে একটি এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া এবং নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দিতে সরাসরি মূল উৎস থেকে তথ্য ব্যবহার করার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে।
প্রশিক্ষণের সময় একটি এআই মডেল বিশাল তথ্যভান্ডার থেকে ভাষা ও তথ্যের বিন্যাস শেখে। ফাউন্ডেশনের যুক্তি হলো, এই কাজে কপিরাইটযুক্ত উপাদান ব্যবহার করা ‘ফেয়ার ইউজ’ হতে পারে, যদি এর মাধ্যমে তৈরি হওয়া মডেলটি মূল কাজগুলোর চেয়ে সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র কিছু হয়ে ওঠে।
কিন্তু ব্যবহারকারীর কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করে তা তুলে ধরা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিছু চ্যাটবট ইন্টারনেটে তাৎক্ষণিক তথ্য খুঁজে বের করে এবং প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে উত্তর তৈরি করে। এই পদ্ধতির একটি পরিচিত রূপ হলো ‘রিট্রিভাল-অগমেন্টেড জেনারেশন’ বা আরএজি । এই প্রযুক্তিতে একটি মডেল কেবল প্রশিক্ষণের সময় যা শিখেছে তার ওপর নির্ভর না করে, বাইরের উৎস থেকে সরাসরি তথ্য এনে উত্তরের সঙ্গে যুক্ত করে।
ফাউন্ডেশনের দাবি, এআই পণ্যগুলো যখন এভাবে কপিরাইটযুক্ত আধেয় বা কনটেন্ট সংগ্রহ ও পুনরুৎপাদন করে, তখন সেটিকে ঢালাওভাবে ‘ফেয়ার ইউজ’ বলে চালিয়ে না দিয়ে মূল উৎসের লাইসেন্সিং শর্তাবলি অবশ্যই মেনে চলা উচিত।
উন্মুক্ত জ্ঞানের সঙ্গে কিছু দায়িত্বও জড়িয়ে থাকে
উইকিপিডিয়ার তথ্য সবার ব্যবহারের জন্যই উন্মুক্ত; আমরা চাই মুক্ত জ্ঞানের প্রসার ঘটুক। এই উন্মুক্ততাই উইকিপিডিয়ার মূল লক্ষ্য, তবে এর অর্থ এই নয় যে এখানে কোনো শর্ত নেই।
উইকিপিডিয়া ‘ক্রিয়েটিভ কমন্স সিসি বাই-এসএ ৪.০’ (CC BY-SA 4.0) লাইসেন্স ব্যবহার করে। এই লাইসেন্সের শর্ত অনুযায়ী, মূল প্রণেতাদের যথাযথ স্বীকৃতি বা ক্রেডিট দিতে হয় এবং ওই তথ্যের ওপর ভিত্তি করে নতুন কিছু তৈরি হলে সেটিও একই লাইসেন্সের অধীনে উন্মুক্ত রাখতে হয়।
ফাউন্ডেশনের বক্তব্য হলো, যেসব এআই প্রতিষ্ঠান আরএজি বা সমজাতীয় প্রযুক্তির মাধ্যমে উইকিপিডিয়ার তথ্য ব্যবহার করছে, তাদের অবশ্যই এই শর্তগুলো মেনে চলতে হবে। যথাযথ স্বীকৃতি দিলে মানুষ যে তথ্য পাচ্ছে তার সঙ্গে যাঁরা শ্রম দিয়ে সেই তথ্য সহজলভ্য করেছেন, তাঁদের একটি যোগসূত্র বজায় থাকে।
এ ছাড়া, তথ্য সংগ্রহ করতে গিয়ে উইকিপিডিয়াকে সচল রাখা কারিগরি ব্যবস্থার ওপর যেন অসহনীয় চাপ সৃষ্টি করা না হয়। প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণের জন্য তথ্য সংগ্রহ করুক কিংবা তাৎক্ষণিক উত্তরের জন্য, সব ক্ষেত্রেই তাদের উইকিপিডিয়ার পাবলিক এপিআই ব্যবহারের সীমা মেনে চলা উচিত, অথবা ‘উইকিমিডিয়া এন্টারপ্রাইজ এপিআই’ সেবা ব্যবহার করা উচিত।
মানবজ্ঞানের সুরক্ষা
এই মামলাটি কেবল প্রকাশক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যকার আইনি লড়াইয়ে কে জিতবে, তার মধ্যে সীমাবদ্ধ নয়। এই মামলার মূল প্রশ্নটির সাথে জড়িয়ে আছে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তিগুলো মানুষের যে শ্রমের ওপর দাঁড়িয়ে আছে, তাকে টিকিয়ে রাখতে আদৌ সাহায্য করবে কি না, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি।
উইকিমিডিয়া ফাউন্ডেশন একটি ভারসাম্যপূর্ণ অবস্থানের পক্ষে কথা বলছে, যেখানে এআই প্রযুক্তির ক্ষেত্রে তথ্য ব্যবহারের প্রতিটি ধাপকে আলাদাভাবে মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে যেমন নতুন ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবনের সহায়ক হিসেবে ‘ফেয়ার ইউজ’ সুরক্ষিত থাকবে, তেমনি নির্ভরযোগ্য জ্ঞান তৈরি করা মানুষ, প্রকাশক ও কমিউনিটির অধিকারও সমুন্নত থাকবে।
পৃথিবীকে জানার ও বোঝার জন্য যাঁরাই কখনো না কখনো উইকিপিডিয়ার দ্বারস্থ হয়েছেন, তাঁদের সবার কাছেই এই ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের আইনি যুক্তির বিস্তারিত জানতে মিডিয়ামে আমাদের পলিসি ব্লগের পোস্টটি পড়তে পারেন। এ ছাড়া উইকিমিডিয়া কমন্সে সম্পূর্ণ অ্যামিকাস ব্রিফটিও দেখে নিতে পারেন।
খসড়া তৈরিতে সহায়তার জন্য আমরা উইকিমিডিয়া ফাউন্ডেশনের টেক ল অ্যান্ড পলিসি ফেলো অ্যাঞ্জেলা চুং, গবেষণা ও সম্পাদনায় সহায়তার জন্য ইয়েল ল স্কুল ইনফরমেশন সোসাইটি প্রজেক্টের ফেলো-ইন-রেসিডেন্স রসেল্লা গ্যাব্রিয়েল এবং আদালতে নথি দাখিলের প্রক্রিয়ায় সহায়তার জন্য লেক্স লুমিনা এলএলপি-র রেট মিলস্যাপসকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Can you help us translate this article?
In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?
Start translation